পাঁচ লাখ লোক পোর্ট অ প্রিন্স ছেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে রাজধানী পোর্ট অ প্রিন্স ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় প্রায় পাঁচ লাখ মানুষ ইতিমধ্যে সেখান থেকে চলে গেছে। পোর্ট অ প্রিন্সের ৯০ শতাংশ লোক গ্রামাঞ্চলে গিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে উঠেছে। তাই এ মুহূর্তে বাস্তুহারাদের আশ্রয় দেওয়া ও তাদের আত্মীয়স্বজনকে সহায়তা করা জরুরি হয়ে পড়েছে। জাতিসংঘ গতকাল মঙ্গলবার এ কথা বলেছে।জাতিসংঘ জানায়, গ্রামাঞ্চলে লোকজনের চাপ বেড়ে যাওয়ায় সেখানে চাল ও চিনির মতো মৌলিক জিনিসগুলোর দাম বেড়ে গেছে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আহত ব্যক্তিদের সেবার জন্য জরুরি চিকিত্সা সরঞ্জামের মজুদেও ঘাটতি দেখা দিয়েছে সংস্থাটি। জাতিসংঘ বলেছে, ৩১ জানুয়ারি পর্যন্ত হাইতি সরকারের হিসাবে চার লাখ ৮২ হাজার ৩৪৯ জন লোক পোর্ট অ প্রিন্স গেছে। এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল, দুই লাখ ৩৫ হাজারের মতো লোক রাজধানী ছাড়তে পারে। রাজধানী ছাড়ার জন্য সরকার বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা করে দিয়েছে। ১২ জানুয়ারি হাইতিতে সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে মারা যায় প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ। এএফপি। জাতিসংঘের ৯২ কর্মীর মৃত্যুহাইতিতে ভূমিকম্পে এ পর্যন্ত জাতিসংঘের ৯২ জন কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও সাতজন। গতকাল মঙ্গলবার হাইতিতে জাতিসংঘ মিশনের ভারপ্রাপ্ত প্রধান এডমুন্ড মুলেট এ তথ্য জানান। পিটিআই।হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে এক ভিডিও কনফারেন্সে মুলেট বলেন, ‘আমরা ৯২ কর্মীর মৃতের বিষয়টি নিশ্চিত হয়েছি। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৮৪ জন। এ কয়েক দিনে তা ৯২-তে উন্নীত হয়। অপর সাত কর্মীর ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ভূমিকম্পে জাতিসংঘের ৩০ জন কর্মী আহত হন। হাইতিতে ১২ জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে জাতিসংঘ মিশনের প্রধান হেদি আন্নাবি ও উপপ্রধান লুইজ কার্লোস দা কোস্টারের মৃত্যু হলে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে এডমুন্ড মুলেটকে নিয়োগ দেওয়া হয়। ভূমিকম্পে প্রায় এক লাখ ৭০ হাজার লোকের মৃত্যু হয়।