পাঁচ শতাধিক পেলিক্যানের রহস্যজনক মৃত্যু
পেরুর উত্তরাঞ্চলীয় উপকূলে ৭০ কিলোমিটার এলাকাজুড়ে পাঁচ শতাধিক পেলিক্যান পাখি মারা গেছে। দেশটির সরকার একসঙ্গে এত পাখির মৃত্যুর বিষয়টি তদন্ত করছে। এ ছাড়া বিজ্ঞানীরা ৫৪টি সামুদ্রিক পাখি বুবি, কয়েকটি সি লায়ন ও একটি মরা কচ্ছপের সন্ধান পেয়েছেন। কর্মকর্তাদের দাবি, এসব পাখির বেশির ভাগেরই সম্প্রতি মারা গেছে।মরা পাখিগুলো উপকূলীয় অঞ্চলের যেখানে পাওয়া গেছে, সেখানে চলতি বছরের গোড়ার দিকে প্রায় ৮০০ ডলফিন ভেসে ওঠে। শত শত ডলফিনের মৃত্যুর বিষয়টি এখানো খতিয়ে দেখা হচ্ছে। পেরু সরকার বিষয়টি ‘গভীর উদ্বেগের’ বলে অভিহিত করেছে। প্রাথমিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পেলিক্যান পাখিগুলো যে সমুদ্রেই মারা গেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং যেখানে তাদের মরদেহ পাওয়া গেছে, সেখানেই তাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে আরও তদন্তের প্রয়োজন আছে।পেরুভিয়ান ম্যারিটাইম ইনস্টিটিউট বলেছে, এখন পর্যন্ত পচে যাওয়ার বিভিন্ন স্তরে ৫৩৮টি পেলিকান ও ৫৪টি বুবি পাখির মরদেহ পাওয়া গেছে। এর বাইরে একদম পচে যাওয়া পাঁচটি সি লায়ন ও একটি কচ্ছপ পাওয়া গেছে। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, পিয়ুরা ও লাম্বায়েক অঞ্চলে ১২ শতাধিক পেলিকান পাখির শব পাওয়া গেছে। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় ৮০০ ডলফিন লাম্বায়েক অঞ্চলে ভেসে ওঠে। দেশটির প্রাকৃতিক সম্পদ উন্নয়নবিষয়ক উপমন্ত্রী গ্যাব্রিয়েল কুইজান্দ্রিয়া অ্যাকোস্তা বলেছেন, ভাইরাসে আক্রান্ত হয়ে ডলফিনগুলো মারা যেতে পারে।স্থানীয় একটি বেসরকারি সংস্থার মুন্দো আজুল বলেন, এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে, মানুষের হাম রোগের যে ভাইরাস, সেই একই ভাইরাসের অস্তিত্ব ডলফিনগুলোর মধ্যে পাওয়া গেছে। ম্যারিটাইম ইনস্টিটিউট বলেছে, মৃত ডলফিনের ওপর পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন শিগগির প্রকাশ করা হবে। বিবিসি।