পাঁচ শতাধিক বন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমার
মিয়ানমার সরকার সে দেশের বিভিন্ন কারাগারে থাকা পাঁচ শতাধিক বন্দীকে মুক্তি দিয়েছে। এর মধ্যে সরকারবিরোধী ও বিদেশি বন্দীও রয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন মুখপাত্র বলেছেন, এই বন্দিমুক্তির আওতায় মিয়ানমারের জেলে আটক সব রাজবন্দী মুক্তি পেয়ে গেছেন বলে আশা করছেন তাঁরা। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের স্বার্থে এই বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে।মিয়ানমার সরকার এমন এক সময় এসব বন্দীকে মুক্তি দিল, যখন সু চি যুক্তরাষ্ট্র সফরে রওনা দিয়েছেন। এ ছাড়া আগামী সপ্তাহে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।এ কারণে বন্দিমুক্তির বিষয়টিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের ক্রমবিকাশমান সুসম্পর্কের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। মিয়ানমার সরকার এর আগে গত বছরের অক্টোবরে সাধারণ ক্ষমার আওতায় শীর্ষস্থানীয় বহু রাজবন্দীকে মুক্তি দিয়েছে। মিয়ানমারে নিষেধাজ্ঞা শিথিলের পূর্বশর্ত হিসেবে সব রাজবন্দীকে বরাবরই মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। বিবিসি।