পাঁচ সহকর্মীকে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরে একজন সেনাসদস্য তাঁর পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান সীমান্তে নিয়োজিত সেনারা যে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন, গত বুধবার গভীর রাতের ওই ঘটনাই তা-ই প্রমাণ করে।
সামরিক কর্মকর্তারা বলেন, কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গান্দেরবল জেলার সাফাপরা গ্রামে আধা সামরিক বাহিনী রাষ্ট্রীয় রাইফেলসের একটি শিবিরে ওই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার তদন্ত চলছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, হত্যাকারী ওই সেনাসদস্য একজন প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় সময় রাত দুইটায় সশস্ত্র অবস্থায় সেনাশিবিরে ঢুকে ঘুমন্ত সহকর্মীদের নির্বিচারে গুলি করার পর নিজেও গুলিতে আত্মহত্যা করেন।
সংবাদমাধ্যম জানায়, কাশ্মীর অঞ্চলে দায়িত্বরত সেনাসদস্যদের প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়। দীর্ঘ কর্মঘণ্টা ও ছুটির অভাব এবং থাকা-খাওয়ার দুরবস্থা প্রভৃতি অভিযোগ রয়েছে তাঁদের।
কাশ্মীর উপত্যকা ও উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে বিদ্রোহীদের আক্রমণে শতাধিক সেনা নিহত হওয়ার নজির রয়েছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত আধা সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির নেপথ্যে জঙ্গি বা বিদ্রোহী হামলায় তুলনায় অভ্যন্তরীণ হামলা বা আত্মহত্যার ঘটনাই বেশি। এমন ঘটনা বন্ধ করতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ২০১২ সালে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সাবেক সেনা কর্মকর্তারা এ ধরনের ঘটনার জন্য ‘শৃঙ্খলার অভাব’ এবং ‘দুর্বল নেতৃত্ব’ দায়ী বলে মনে করেন। কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তাননিয়ন্ত্রিত অংশে বিভক্ত। অবশ্য দুটি দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। দুই দেশের মধ্যে ২০০৩ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হলেও সীমানা নির্ধারণকারী নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) উভয় পাশে ভারতীয় ও পাকিস্তানি সেনা টহল মোতায়েন রয়েছে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ১৯৮৯ সালে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ হলে হাজার হাজার মানুষ নিহত হয়। এএফপি, রয়টার্স।