পাঁচ হাজার ডলার করে বকশিশ!
রেস্তোরাঁর কর্মীরা খদ্দেরদের যতই খুশি করুন না কেন, বকশিশ জোটে সামান্যই। কিন্তু যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক রেস্তোরাঁর তিন কর্মী বকশিশ হিসেবে যে চেকগুলো পেলেন, তা দেখে তাঁদের আক্কেলগুড়ুম। প্রতিটি চেকে পাঁচ হাজার ডলারের অঙ্ক বসানো।
গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, সাপ্তাহিক ছুটির দিন শনিবার খাদ্যরসিকদের ভিড়ভাট্টা একটু কমই ছিল। সেদিন একজন নারী খদ্দের খাওয়া শেষে তিন খাবার পরিবেশনকারীর প্রত্যেকের হাতে ধরিয়ে দেন পাঁচ হাজার ডলারের চেক।
খবরে জানানো হয়, ক্যালডোনিয়ায় বুন কাউন্টি ফ্যামিলি রেস্টুরেন্টের মালিক ম্যাট নেবিউ বলেন, ২৫ বছরের অ্যামি সাবানি, ২৩ বছরের সারাহ সেকিঙ্গার এবং ২৮ বছরের অ্যামবার কারিওলিচকে ওই নারী গ্রাহক টিপস হিসেবে চেকগুলো দেন।
সাবানি ইলিনয়ের পত্রিকা রকফোর্ড রেজিস্টার স্টারকে জানান, তিনি প্রথমে ভেবেছেন ৫০০ ডলারের চেক, কিন্তু কাছে নিয়ে ভালো করে তাকিয়ে দেখেন অঙ্কটা পাঁচ হাজার ডলারের। এরপর তিনি তা নিতে অস্বীকৃতি জানান। কিন্তু ওই গ্রাহক তাঁকে বলেন, ‘এই অর্থ দিয়ে পড়াশোনা এবং যা যা করতে মন চায় করতে পার।
সেকিঙ্গার বলেন, গত সেমিস্টারে ক্রিমিনাল জাস্টিজ বিষয়ে পড়াশোনা করতে অনেক খরচ হয়েছে। এখন তিনি আবার তাঁর পড়াশোনা চালিয়ে যাবেন।