পাইলটের শেষ কথা 'সব ঠিক আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অল রাইট, রজার দ্যাট’ (সব ঠিক আছে, বার্তা পেয়েছি)—এটাই ছিল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে ফ্লাইট এমএইচ ৩৭০-এর শেষ কথা। এ তথ্য ইঙ্গিত দিচ্ছে, মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটি অন্তত তখন পর্যন্ত ছিনতাই বা বড় যান্ত্রিক গোলযোগের শিকার হয়নি। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরও গতকাল বুধবার পর্যন্ত বোয়িং বিমানটির সন্ধান জানা যায়নি।
মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ বিমানটিতে ১৪টি দেশের ২৩৯ জন আরোহীর মধ্যে সবচেয়ে বেশি ১৫৩ জন ছিলেন চীনের। এসব চীনা আরোহীর উদ্বিগ্ন স্বজনদের জন্য গতকাল বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনেই বিমানটির পাইলটদের সঙ্গে ওই কথোপকথনের কথা জানান মালয়েশীয় কর্মকর্তারা। এ সময় তাঁরা বলেন, এর ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শুক্রবার মধ্যরাতের পর দক্ষিণ চীন সাগরের আকাশে উধাও হওয়ার কয়েক মিনিট আগেও বিমানটির সবকিছু স্বাভাবিক ছিল।
মালয়েশীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, নিখোঁজ হওয়ার সামান্য আগে মালয়েশিয়ার ফ্লাইট নিয়ন্ত্রণ কার্যালয়ের পাঠানো একটি বেতার বার্তার জবাবে ফ্লাইট থেকে বলা হয়, ‘অল রাইট, রজার দ্যাট’ অর্থাৎ ‘সব ঠিক আছে, বার্তা শোনা গেছে’।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, বিমানটি মালয়েশিয়া ও ভিয়েতনামের মাঝামাঝি আকাশে প্রবেশের পর এর নিয়ন্ত্রণ মালয়েশীয় কর্তৃপক্ষের কাছ থেকে ভিয়েতনামের হো চি মিন সিটির ফ্লাইট নিয়ন্ত্রণ কার্যালয়ের হাতে অর্পণ করা হয়। এর কয়েক মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে মালয়েশীয় বিমানবাহিনীর প্রধান গতকাল বলেছেন, বিমানটি সর্বশেষ মালাক্কা প্রণালির ওপর দিয়ে উড়ছিল বলে তাঁকে উদ্ধৃত করে যে খবর বেরিয়েছে, তিনি সে রকম কিছু বলেননি। তবে বিমানটি পথ পরিবর্তন করে থাকতে পারে।
ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরের ভাং তাও তেলক্ষেত্রে কর্মরত নিউজিল্যান্ডের এক ব্যক্তির একটি ই-মেইল বার্তা পেয়েছে। বার্তায় ওই ব্যক্তি বলেন, তিনি আকাশে একটি বস্তু জ্বলতে দেখেছেন। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে কিছু জানা যায়নি।
অনুসন্ধানের আওতা আরও বাড়ল: সাগরে বিমানটির অনুসন্ধানের আওতায় থাকা এলাকা বৃদ্ধি করে গতকাল ২৭ হাজার বর্গ নটিক্যাল মাইল (৯২ হাজার বর্গকিলোমিটার) করা হয়েছে। মালয়েশিয়া ও ভিয়েতনামের মধ্যকার সাগর এলাকা ছাড়াও মালাক্কা প্রণালি, আন্দামান সাগরের বিস্তৃত এলাকাজুড়ে চলছে এই অভিযান। এ পর্যন্ত অন্তত ১০টি দেশের ৩৯টি বিমান ও ৪২টি নৌযান অভিযানে যোগ দিয়েছে। মালয়েশিয়ার অনুরোধ পাওয়ার পর গতকাল অভিযানে ভারতের প্রত্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোস্টগার্ড বাহিনীও যোগ দিয়েছে। তবে ভিয়েতনাম বলেছে, পাঁচ দিন পরও কোনো ফলাফল না পাওয়ায় তারা অভিযান কার্যক্রম কিছুটা গুটিয়ে নিচ্ছে।
চীনের ক্ষোভ প্রকাশ: নিখোঁজ বিমানের ব্যাপারে ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ নানা তথ্যে ক্ষোভ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গতকাল বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন ধরনের বহু তথ্য পাওয়া গেছে। কোনটি ঠিক, কোনটি ঠিক নয়, তা নির্ধারণ করা খুবই কঠিন হয়ে পড়ছে।’
আশা ছাড়বে না মালয়েশিয়া: মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হোসাইন বলেছেন, তাঁরা বিমানটিকে খুঁজে পাওয়ার আশা ছাড়বেন না। বিমানের সন্ধান না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ অভিযান চালিয়ে যাবে। এ জন্য কয়েক মাস লাগতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
প্রসঙ্গত, মালয়েশিয়ার বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে চীনের বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে। এর ঘণ্টা খানেক পর ভিয়েতনামের কামাউ উপদ্বীপের কাছে দক্ষিণ চীন সাগরের আকাশে নিখোঁজ হয় বিমানটি।
সহ-পাইলটের বিরুদ্ধে অভিযোগ!: এদিকে দক্ষিণ আফ্রিকার এক নারী পর্যটক অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনকে বলেছেন, নিখোঁজ বিমানের সহ-পাইলট ২০১১ সালে একটি ফ্লাইটে তাঁকে ও তাঁর এক বন্ধুকে ককপিটে (বিমান চালকের বসার স্থান) ডেকে নিয়েছিলেন। এ খবরের প্রতিক্রিয়ায় মালয়েশিয়া এয়ারলাইনস বলেছে, ফার্স্ট অফিসার ফারিক আব হামিদের বিরুদ্ধে এ খবরে তারা স্তম্ভিত। তারা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গেই নিচ্ছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।