পাওয়েল-মোদি বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের নির্ধারিত বৈঠক প্রসঙ্গে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র। মোদি-পাওয়েল বৈঠকটি আজ বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতীয় নেতাদের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগের অংশ হিসেবে বৈঠকের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে বিজেপি
নেতাকে বর্জনের অবসান বা মার্কিন ভিসানীতি পরিবর্তনের কোনো সংশ্লিষ্টতা নেই।
গুজরাট রাজ্যে ২০০২ সালে দাঙ্গা চলাকালে বিতর্কিত ভূমিকার কারণে ব্যাপক সমালোচিত মুখ্যমন্ত্রী মোদির সঙ্গে পাওয়েলের নির্ধারিত বৈঠকের সিদ্ধান্ত বিজেপির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বলে সংবাদমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়।
মোদি-পাওয়েল বৈঠক নির্ধারণে সংশ্লিষ্ট সবাই যুক্ত ছিলেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি জানান। তবে এ রকম সিদ্ধান্তের নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বা পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সংশ্লিষ্টতা ছিল কি না, সে ব্যাপারে কিছু জানাননি সাকি।
গুজরাটের রাজধানী গান্ধীনগরে আজ মোদি-পাওয়েল বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ২০০২ সালের দাঙ্গার পর এই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রদূত গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। পিটিআই।