পাক-ভারত সীমান্তে গোলা ৩ জন নিহত হওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় আজ সোমবার গোলাবর্ষণে পাকিস্তানের দুজন বেসামরিক নাগরিক ও ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। দুই দেশের সেনা কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন। প্রতিবেশী এই দুই দেশের সীমান্তে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে।

রয়টার্সের খবরে জানানো হয়, পাকিস্তানি সেনাবাহিনী বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ভারত-শাসিত কাশ্মীরের জম্মু এলাকার সীমান্তে গোলাবর্ষণ হয়। সীমান্তবর্তী হারপাল, পুখলিয়ান ও চারওয়াহ এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনী বলছে, সীমান্তের পুরা, পার্গওয়াল ও কানাচক এলাকায় গোলাবর্ষণ হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর ভাষ্য, জাংগ্লোরা গ্রামে ভারতীয় সেনাদের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে এক বছরের এক শিশুও রয়েছে। আহত হয়েছেন বেসামরিক সাতজন নাগরিক। তাঁদের দাবি, রাতভর ভারতের চালানো হামলার পাল্টা জবাব দিতেই পাকিস্তান হামলা চালায়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, পাকিস্তানের হামলায় ভারত-নিয়ন্ত্রিত জম্মু এলাকায় বিএসএফের এক সেনা নিহত হয়েছেন। আরেক সেনা আহত হয়েছেন। আহত হয়েছেন বেসামরিক পাঁচ নাগরিক। তাঁদের মধ্যে দুজন নারী ও একজন শিশু।

বিএসএফের ওই মুখপাত্রের ভাষ্য, গত তিন দিনে এ নিয়ে পাকিস্তানের হামলায় দুজন বিএসএফ সেনা নিহত হলেন।

ভূস্বর্গ কাশ্মীরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। ভারতের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসে উরি সেনাছাউনিতে পাকিস্তানের সন্ত্রাসীদের হামলায় ১৮ জন জওয়ান নিহত হয়েছেন। এরপর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে আবার উত্তেজনা শুরু হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর দাবিকৃত ‘সার্জিক্যাল স্ট্রাইককে’ কেন্দ্র করে উত্তেজনা বাড়ে।

আরও পড়ুন: