পাকিস্তান অত্যন্ত বিপজ্জনক প্রতিবেশী: চিদাম্বরম
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম পাকিস্তানকে একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে একে ভারতের জন্য বিপজ্জনক প্রতিবেশী বলে মন্তব্য করেছেন। নয়াদিল্লিতে ভারত-মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক এক দ্বিপক্ষীয় সংলাপে গতকাল শুক্রবার পি চিদাম্বরম এ কথা বলেন।চিদাম্বরম তাঁর বক্তব্যে সন্ত্রাসসহ অন্যান্য হুমকি মোকাবিলায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তোলার আহ্বান জানান। সংলাপে চিদাম্বরম আরও বলেন, ‘বিশ্ব সন্ত্রাসবাদের মূল কেন্দ্রবিন্দুটি আমাদের পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশেই। দেশটিতে সন্ত্রাসবাদ চূড়ান্ত আকার লাভ করায় তা ভারতের জন্য নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে।’ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান বিভিন্ন সন্ত্রাসবাদী চক্রের স্বর্গরাজ্য। সন্ত্রাসবাদের ব্যাপক বিস্তৃতি দেশটির রাষ্ট্রীয় নীতিমালাতেও প্রভাব ফেলছে। এখানকার সমাজব্যবস্থা ক্রমেই কট্টর হচ্ছে, অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। ভঙ্গুর হয়ে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় কাঠামো। অথচ ভারতীয় জনগণের নিরাপত্তার জন্য একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় প্রতিবেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ।মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জ্যানেট নেপোলিতানো চার দিনের সফরে গত মঙ্গলবার ভারত এসেছেন। সন্ত্রাসবিরোধী লড়াই জোরদার করতে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে তথ্য বিনিময় তাঁর সফরের মূল লক্ষ্য। জেনেট নেপোলিতানোর সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপে চিদাম্বরম আরও বলেন, কৌশলগত অংশীদারির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দৃঢ় ও কার্যক্রম বন্ধন গড়ে তোলা অপরিহার্য হয়ে পড়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এ বন্ধন বড় ধরনের সুফল বয়ে আনতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।ভারতের মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সন্ত্রাস ও অন্যান্য বিষয়ে যোগাযোগ ও তথ্য বিনিময় কার্যক্রমের একটি অংশ হিসেবেই এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন বাহিনীর একতরফা অভিযানে অ্যাবোটাবাদে আল-কায়েদার নেতা হত্যার পর ভারত নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশটিতে জঙ্গি হামলার আশঙ্কায় মুম্বাই, নয়াদিল্লির মতো প্রধান প্রধান শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।অপরদিকে আকস্মিক এক সফরে গতকাল পাকিস্তান পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এএফপি ও দ্য হিন্দু।