পাকিস্তান আরও ইসলামপন্থী ও মার্কিনবিরোধী হয়ে উঠবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সম্ভবত কট্টর ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত হতে চলেছে। সামনের বছরগুলোতে পাকিস্তান আরও মার্কিনবিরোধী রাষ্ট্র হয়ে উঠতে পারে, যা ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের সমর্থন আদায়ে মার্কিন প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে। গতকাল মঙ্গলবার লন্ডনের গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘লেগাটাম ইনস্টিটিউট’ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।তবে পাকিস্তান তালেবানের হাতে পড়তে পারে, এমন আশঙ্কা নাকচ করে দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। এ ছাড়া পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পাকিস্তানের ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কাও নাকচ করে দেওয়া হয়। তিন বছর ধরে পাকিস্তান পরিস্থিতি বিশ্লেষণ করে ওই প্রতিবেদন তৈরি করা হয়।প্রতিবেদনের রচয়িতা জোনাথন প্যারিস বলেন, ইসলামপন্থীদের হাতে পড়ার চেয়ে বরং ধর্মনিরপেক্ষ পশ্চিমাপন্থী সমাজের হাত থেকে ক্ষমতা ধীরে ধীরে ইসলামপন্থী মার্কিনবিরোধী কারও হাতে চলে যেতে পারে।তিনি আরও বলেন, তালেবানের কাছে রাজনৈতিক নেতা ও সেনা কর্মকর্তাদের আত্মসমর্পণের জল্পনা বাড়াবাড়ি ধরনের। প্যারিস আভাস দেন, পররাষ্ট্র ও নিরাপত্তানীতি প্রণয়নে পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রাখবে সেনাবাহিনী। জোনাথন প্যারিস বলেন, আফগানিস্তানে যখন পাকিস্তানের সমর্থন প্রয়োজন, তখন পাকিস্তান পশ্চিমা শক্তির কাছ থেকে দূরে সরে যাচ্ছে। পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ছে না, বরং কমছে। পাকিস্তানি সমাজ মার্কিনবিরোধী এবং আরও শরিয়া আইনের দিকে অগ্রসর হচ্ছে।পাঞ্জাব প্রদেশে ইসলামপন্থী রাজনৈতিক দল ও জঙ্গিগোষ্ঠীগুলোর প্রভাব বাড়ার সঙ্গে অর্থনীতির মন্থর গতি ও দুর্নীতিগ্রস্ত আইনি ব্যবস্থা নিয়ে স্থানীয় জনগণের ক্ষোভ পাকিস্তানকে ধীরে ধীরে বদলে ফেলবে। প্রতিবেদনে বলা হয়, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কর্তৃত্বময় হয়ে উঠতে পারবে না, তবে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা না করার জন্য সরকারের ওপর চাপ বাড়াবে এবং ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা কঠিন করে তুলবে।প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতার এ ধরনের পরিবর্তন ভারতের সঙ্গে সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। প্যারিস বলেন, জঙ্গি সংগঠনগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা ইতিমধ্যেই ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে দেখা গেছে। ছোট ছোট অনেক ভাগে বিভক্ত হলে জঙ্গিগোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়বে। এর ফলে জঙ্গিদের দিক থেকে হামলার ঝুঁকি বেড়ে যাবে।প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা জনকল্যাণ ও শিক্ষামূলক কাজও করবে। ফলে সংগঠনগুলো বন্ধ করে দেওয়া রাষ্ট্রের পক্ষে রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়বে। রয়টার্স অনলাইন।