পাকিস্তান চতুর্থ পারমাণবিক চুল্লি নির্মাণের মাঝপথে
পাকিস্তান তার চতুর্থ পারমাণবিক চুল্লি নির্মাণের মাঝপথে রয়েছে। খুসাব এলাকায় ওই চুল্লিটির নির্মাণকাজ শেষ হলে দেশটির প্লুটোনিয়াম উৎপাদনের সক্ষমতা ত্বরান্বিত হবে। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটে ধারণকৃত সর্বশেষ চিত্র গবেষণা করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) বলেছে, চুল্লিটি চালু করা হলে এটি ইসলামাবাদকে ছোট ছোট অসংখ্য পারমাণবিক ওয়্যারহেড বা যুদ্ধাস্ত্র তৈরির সুযোগ করে দেবে।পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল বলে বিবেচনা করে থাকে স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তাদের মতে, ইসলামাবাদের হাতে আনুমানিক ৯০ থেকে ১১০টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে।স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া নতুন ছবি প্রকাশের সঙ্গে আইএসআইএস বলেছে, খুসাবের ওই চতুর্থ পারমাণবিক চুল্লি ও তার সহায়ক ভবনটির নির্মাণকাজ অর্ধেকের মতো শেষ হয়েছে। প্রাপ্ত ছবির ভিত্তিতে তাদের অনুমান, দেশটির তৃতীয় পারমাণবিক চুল্লির চেয়ে চতুর্থটির নির্মাণকাজ ৩০ শতাংশ দ্রুতগতিতে এগোচ্ছে। আগামী ১৫ মাসের মধ্যেই চুল্লিটির বহির্ভাগের প্রধান প্রধান কাজগুলো সম্পন্ন হবে।রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চুল্লিটি খুসাব পারমাণবিক প্রকল্পের সর্বশেষ সংযোজন। এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্যই প্লুটোনিয়াম উৎপাদন করবে। চতুর্থ চুল্লিটির পাশাপাশি খুসাবে আরও দুটি চুল্লি রয়েছে। সেগুলোর আকৃতিও চতুর্থ চুল্লিটির মতোই। ভারী পানি উৎপাদনের চুল্লিসমৃদ্ধ খুসাব পারমাণবিক প্রকল্পটির নির্মাণকাজ ১৯৯৮ সালে শেষ হয়।আইএসআইএস জানিয়েছে, স্যাটেলাইটে পাওয়া চিত্রে দেখা গেছে, খুসাব পারমাণবিক প্রকল্পের প্রতিটি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারী পানির চুল্লিসহ চারটি চুল্লির চারপাশজুড়েই বৃহৎ পরিসরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। আইএসআইএস বলেছে, পাকিস্তানের প্লুটোনিয়াম উৎপাদনের এই প্রবণতা দেশটির সঙ্গে প্রতিবেশী ভারতের পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রতিযোগিতাকে ইঙ্গিত করে। গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলেছে, ভয়াবহ পরিণতি এড়ানোর স্বার্থে নতুন করে পারমাণবিক অস্ত্র নির্মাণে প্লুটোনিয়াম উৎপাদন ও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির দিকে না এগোনোর বিষয়ে ভারত ও পাকিস্তান উভয় দেশকে রাজি করাতে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে অধিক প্রচেষ্টা চালানো উচিত। এ ছাড়া জেনেভা সম্মেলনের নিরস্ত্রীকরণবিষয়ক ফিসাইল মেটেরিয়াল কাটঅফ ট্রিটি (এফএমসিটি) বিষয়ে আলোচনা আটকে দেওয়া থেকে বিরত থাকতে পাকিস্তানকে রাজি করাতে দেশটিকে প্রণোদনা দেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের চিন্তাভাবনা করা উচিত বলে মন্তব্য করা হয়েছে। বিবিসি ও পিটিআই।