পাকিস্তান ছেড়ে যাচ্ছে ওসামার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের পরিবার অবশেষে পাকিস্তান ছেড়ে যাচ্ছে। তাদের আইনজীবী ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলেন, ওসামার তিন স্ত্রী, আট সন্তান ও এক নাতির আজ বুধবার সকালে পাকিস্তান ছেড়ে যাওয়ার কথা।পাকিস্তানে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ওসামার স্ত্রী ও দুই মেয়েকে ৪৫ দিনের আটকাদেশ দেওয়া হয়। পাকিস্তানের ওই আদালত ওসামার পরিবারকে যত শিগগির সম্ভব পাকিস্তান ত্যাগের নির্দেশ দেন।ওসামা-পরিবারের সদস্যদের আইনজীবী মুহাম্মদ আমির গতকাল মঙ্গলবার বলেন, ওসামার স্বজনেরা বুধবার সকালে পাকিস্তান ছেড়ে যাবেন। তাঁরা প্রথমে সৌদি আরব যাবেন। তবে লাদেনের ছোট স্ত্রী আমাল আবদুলফাত্তাহকে পাঁচ সন্তানসহ তাঁর দেশ ইয়েমেনে পাঠানো হতে পারে।জিজ্ঞাসাবাদকালে আমাল আবদুলফাত্তাহ বলেন, পাকিস্তানে গোপনে বসবাসকালে তিনি ওসামার চার সন্তানের জন্ম দেন।ওসামা বিন লাদেন সপরিবারে পাকিস্তানের বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। এ সময় তাঁদের সহযোগিতার দায়িত্বে ছিলেন পাকিস্তানি দুই নাগরিক ইব্রাহিম ও আবরার। তাঁরা দুজনেই অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর হামলায় নিহত হন।মার্কিন বাহিনীর হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা গত মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হন। ওই ঘটনার ১১ মাস ধরে তাঁর তিন স্ত্রী ও সন্তানদের পাকিস্তানে বন্দী রাখা হয়। অ্যাবোটাবাদে ওসামার গোপন অবস্থানের বিষয়টি জানাজানি হওয়ার পর পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় ধরনের অবনতি হয়। ওসামার ওই অবস্থানের ব্যাপারে পাকিস্তান আগে থেকেই অবগত ছিল বলে অভিযোগ উঠেছে। ওসামার স্বজনদের দীর্ঘদিন আটকে রাখায় এ ব্যাপারে সন্দেহ আরও জোরালো হয়। এএফপি।