পাকিস্তান তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে: কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের সঙ্গে সব ধরনের শান্তি আলোচনার প্রক্রিয়া পাকিস্তান বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগানিস্তানের রোডম্যাপ নির্ধারণে জার্মানিতে আন্তর্জাতিক সম্মেলন পাকিস্তানের বর্জনের ঘোষণার পর তিনি দেশটির বিরুদ্ধে এ অভিযোগ আনলেন। জার্মানির ডের স্পিগেল সাপ্তাহিকীকে দেওয়া এক সাক্ষাৎকারে কারজাই বলেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরুর প্রক্রিয়ায় সমর্থন দেওয়া থেকে আজ পর্যন্ত পাকিস্তান দুঃখজনকভাবে বিরত রয়েছে। কারজাইয়ের সাক্ষাৎকারটি আজ সোমবার প্রকাশিত হবে।জার্মানির বনে আজ অনুষ্ঠিত হচ্ছে ওই আন্তর্জাতিক সম্মেলন। ২০১৪ সালের শেষে আফগানিস্তান থেকে ন্যাটোর নেতৃত্বাধীন বিদেশি সেনারা বিদায় নেওয়ার পর দেশটির ভবিষ্যৎ নির্ধারণে ওই সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলনে ১০০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন।মার্কিন নেতৃত্বাধীন সেনাদের হাতে তালেবান উৎখাতের এক দশক পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টায় প্রতিবেশী পাকিস্তানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। তবে ন্যাটো বাহিনীর বিমান হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হওয়ার জের ধরে দেশটি ওই সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এতে আফগানিস্তানের রোডম্যাপ ঘোষণার পদক্ষেপ শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে।অবশ্য জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সম্মেলনে যেসব সিদ্ধান্তের বিষয়ে অগ্রগতি হবে, তা পাকিস্তানকে অবহিত করা হবে। প্রেসিডেন্ট কারজাই ২০১৪ সালে ন্যাটো বাহিনী দেশ ছাড়ার পর তাঁর যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য সহায়তা অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন। আফগানিস্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে কারজাই বলেছেন, ‘যদি এ যুদ্ধে আমরা ব্যর্থ হই, তবে সেটা আমাদের সবাইকে হুমকিতে ফেলে দেবে। তার মানে আমাদের নয়-এগারোর আগের অবস্থায় ফিরে যেতে হবে।’কারজাই বলেন, এটা দুঃখজনক যে প্রত্যেক আফগান নাগরিকের জন্য আজ পর্যন্ত তিনি নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে পারেননি। এটা তাঁর সবচেয়ে বড় ব্যর্থতা।আফগান পররাষ্ট্রমন্ত্রী জালমাই রসুলও ন্যাটো বাহিনী বিদায় নেওয়ার পর তাঁর দেশকে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। গত শনিবার জার্মানির বনে একটি আলোচনা সভায় তিনি বলেন, ২০১৪ সালের পর আফগানিস্তানের বন্ধুভাবাপন্ন দেশগুলোর কাছ থেকে দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন হবে। একই আলোচনা সভায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারভেলে বলেন, বিশ্ব আফগানিস্তানকে পরিত্যাগ করবে না। তিনি দেশটির উন্নয়নে পিছিয়ে পড়া নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। এ ছাড়া গত রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি সম্মেলনে পাকিস্তানের অংশ না নেওয়ার ঘোষণাকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, আফগানিস্তান স্থিতিশীল এবং শান্তিপূর্ণ থাকলে পাকিস্তানই অন্য প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি লাভবান হবে। এএফপি।