পাকিস্তান থেকে বিদেশি সাহায্য সংস্থার কর্মীদের বহিষ্কারের নির্দেশ
পাকিস্তানে কর্মরত সেভ দ্য চিলড্রেনের বিদেশি কর্মীদের দুই সপ্তাহের মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। সাহায্য সংস্থার পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে। দেশটিতে ছয়জন বিদেশি কর্মী সংস্থাটির পক্ষে কাজ করছেন।সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি কর্মীদের পাকিস্তান ত্যাগের এ নির্দেশের পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।পাকিস্তানে মার্কিন অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে দেশটির কর্তৃপক্ষ এ ধরনের পদক্ষেপ নিতে শুরু করে। ওই অভিযানের পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে কাজের অভিযোগে শাকিল আফ্রিদি নামের এক পাকিস্তানি চিকিৎসককে বিতর্কিত এক বিচারে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা শাকিল আফ্রিদির এ ধরনের তৎপরতার সঙ্গে দাতব্য সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেনেরও যোগ রয়েছে বলে অভিযোগ তোলেন। চিকিৎসক শাকিল আল-কায়েদা নেতার অবস্থান জানতে একটা বানোয়াট টিকা কর্মসূচির নামে সিআইএর হয়ে কাজ করেছিলেন বলে অভিযোগ করেন তাঁরা। বিবিসি।