পাকিস্তান থেকে সিআইএর সদস্য কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সরকার সে দেশ থেকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদস্যসংখ্যা কমানোর দাবি জানিয়েছে। একই সঙ্গে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় মনুষ্যবিহীন বিমান (ড্রোন) হামলা কমানোরও আহ্বান জানানো হয়েছে।সিআইএর সদর দপ্তরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গোয়েন্দাপ্রধানদের বৈঠকে এ দাবি জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এই বৈঠকসংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের একজন মুখপাত্র এ বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছেন।ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআইএর পরিচালক লিয়ন পানেট্টা এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসএস প্রধান আহমেদ সুজা পাশা।দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বৈঠকে সিআইএর গোয়েন্দা সদস্য, কর্মকর্তাসহ মোট ৩৩৫ জন মার্কিন কর্মকর্তাকে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। দাবি করেছে পাকিস্তান। চলতি বছরের শুরুতে সিআইএর একজন গোয়েন্দা কর্মকর্তা লাহোরে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রেমন্ড ডেভিসকে পাকিস্তানের একটি আদালত গত মাসে খালাস দেন।এই মামলাটি পাকিস্তানজুড়ে মার্কিনবিরোধী মনোভাব জাগিয়ে তোলে। বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশও হয়। ডেভিস সিআইএর সঙ্গে যুক্ত, এ খবর জানাজানি হয়ে গেলে এই বিদ্বেষ আরও বেড়ে যায়। কট্টরপন্থী সংগঠনগুলো তাঁর শাস্তি দাবি করে। বিবিসি।