পাকিস্তান দিয়ে যুক্তরাষ্ট্রের রসদ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সিদ্ধান্তে বিক্ষোভ-অবরোধ
মার্কিন সিদ্ধান্তে বিক্ষোভ-অবরোধ

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর জন্য স্থলপথে পাকিস্তান হয়ে রসদ সরবরাহ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে মার্কিন ড্রোন (মানুষবিহীন বিমান) হামলার প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভের কারণে এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। বিক্ষোভকারীরা খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে রসদ সরবরাহের পথে কয়েক দিন ধরে অবরোধ সৃষ্টি করছে।
এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিসা দেশাই বিসওয়াল গত মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১৪ সালের পরও পাকিস্তান-আফগানিস্তান অঞ্চল একেবারে ছেড়ে যাবে না।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র মার্ক রাইট বলেন, ‘যুক্তরাষ্ট্র স্বেচ্ছায় পাকিস্তান হয়ে আফগানিস্তানে রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে ভবিষ্যতে রসদ সরবরাহ আবার শুরু করা হবে।’
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা আফগানিস্তানগামী মার্কিন-ন্যাটোর সামরিক রসদবাহী গাড়ির চালকদের হয়রানি করছে, কখনো কখনো গাড়ি ফেরত যেতেও বাধ্য করছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেপি প্রদেশে রসদ বহনের মূল পথে এ ঘটনা ঘটছে।
কেপি প্রদেশে বর্তমানে ক্ষমতায় রয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান পাকিস্তানে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের হত্যা করতে মার্কিন ড্রোন হামলার ঘোর বিরোধী। কারণ, এতে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ড্রোন হামলা বন্ধের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না। ইমরান ও তাঁর দলের অনেকে নেতা মনে করেন, আফগানিস্তানে রসদ সরবরাহের পথ বন্ধ করে দিয়ে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলা যেতে পারে।
পাকিস্তান সরকার বলেছিল, যেকোনো মূল্যে আফগানিস্তানে মার্কিন সেনাদের কাছে রসদ সরবরাহের পথ খোলা রাখার ব্যবস্থা করা হবে। কিন্তু অভিযোগ রয়েছে, ইসলামাবাদ এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এতে ওয়াশিংটন খানিকটা হতাশ হয়ে পড়েছে।
আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের জন্য পাকিস্তানের দুটি পথ ব্যবহার করা হয়ে থাকে। একটি কেপি বা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে, অন্যটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ বেলুচিস্তানে। বেলুচিস্তান দিয়ে রসদ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফরের পর মঙ্গলবারই প্রথম ওয়াশিংটনে এ অঞ্চলের গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, ২০১৪ সালের পরও পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলে থাকবে যুক্তরাষ্ট্র। ভারত-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে নিশা দেশাই বলেন, এটা শুধু আফগানিস্তান নয়, গোটা অঞ্চলেই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তিনি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলে আমাদের সম্পৃক্ততা স্থায়ী। আমরা এই অঞ্চল থেকে সরে যাচ্ছি না। কোথাও যাচ্ছি না।’
২০১৪ সালে আফগানিস্তান থেকে বেশির ভাগ মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে নিশা দেশাই এসব কথা বলেন।
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির মার্কিন ভিসাবিষয়ক এক প্রশ্নের জবাবে নিশা দেশাই বলেন, ভিসার জন্য আবেদন করতে হয়। তারপর যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়। মোদিও ভিসার জন্য আবেদন করার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০০২ সালের গুজরাট দাঙ্গার পর থেকে মোদিকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মুখ্যমন্ত্রী হিসেবে দাঙ্গা দমনে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সাফল্য দাবি করলেন ইমরান: পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে রসদ সরবরাহের পথ বন্ধ করার মার্কিন সিদ্ধান্তকে নিজের দল পিটিআইয়ের ‘কৌশলগত জয়’ বলে দাবি করেছেন ইমরান খান।
পিটিআইয়ের মুখপাত্র শিরিন মাজারি বলেন, ‘এটা পিটিআইয়ের কৌশলগত জয়। তবে আমাদের বিক্ষোভ চলতে থাকবে।’ ডন।