পাকিস্তান বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি: মাইক মুলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন বলেছেন, পাকিস্তান হচ্ছে বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি। সন্ত্রাসবাদের হুমকি হ্রাসে পাকিস্তান সেনাবাহিনীর কী করা উচিত, সেটা তারা বেশ ভালো করেই জানে। গত বুধবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে সাংবাদিকদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মূল্যায়ন-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।মুলেন বলেন, ‘সন্ত্রাসীদের অবাধ বিচরণভূমি পাকিস্তানে সন্ত্রাসীদের আনাগোনা বন্ধ হয়েছে, এটা বলা খুবই মুশকিল। কারণ আমরা আফগানিস্তানে এখনো সফল হতে পারিনি।’ তবে তিনি এও বলেন, আফগানিস্তানে শত্রুরা দিন দিন পরাজিত হচ্ছে।ছয় মাস ধরে আফগানিস্তানে কঠিন সময় পার করছে মার্কিন বাহিনী। আর ঠিক এ সময়ে মুলেন এ মন্তব্য করলেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছর জুলাই থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর নির্দেশ দিয়েছেন। কিন্তু ওবামার সমর্থক অনেক ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য বলেছেন, সেনা প্রত্যাহার শুরুর আগে তাঁরা আফগান পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখতে চান।মুলেনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা এখনো নিশ্চিত নন, চলতি গ্রীষ্মে আফগানিস্তান থেকে ঠিক কত সংখ্যক সেনা প্রত্যাহার করা হবে এবং কোন কোন জায়গা থেকে তাদের প্রত্যাহার করা হবে। তাঁরা সতর্ক করে দিয়ে বলেন, ২০১৪ সালের আগে দেশটি থেকে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনার অপসারণ সম্ভব নাও হতে পারে। যদিও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ওই বছরই দেশটির নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে তুলে নেওয়ার কথা বলেছেন।মুলেন সাংবাদিকদের বলেন, তিনি আশঙ্কা করছেন, তালেবানের শক্ত ঘাঁটিগুলোতে মার্কিন ও আফগান সেনারা অভিযান অব্যাহত রাখলে আফগানিস্তানে সহিংসতা আরও বাড়বে। তবে তিনি বলেন, স্থানীয় শহরের বাসিন্দারা তালেবান যোদ্ধাদের প্রত্যাখ্যান করতে শুরু করেছে। এ কারণে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের মতো অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। মুলেন বেশ আস্থার সঙ্গে বলেন, যৌথ বাহিনী আফগানিস্তানে বেশি দিন থাকতে পারলে এবং বেশি চাপ প্রয়োগ করলে শত্রুরা পরাজিত হতে শুরু করবে।গত মাসে ওবামা প্রশাসন আফগান যুদ্ধ পরিস্থিতির মূল্যায়ন শেষ করে। এতে বলা হয়, আফগানিস্তানের অনেক জায়গায় তালেবানের অগ্রযাত্রা বন্ধ হয়ে গেছে। পাকিস্তানে নিরাপদ জায়গায় থেকে যুক্তরাষ্ট্রের ওপর হামলার ছক কষছেন আল-কায়েদা নেতারা।মূল্যায়ন প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানে মার্কিন বাহিনীর সাফল্য মূলত নির্ভর করছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালেবান ও আল-কায়েদাকে দমনে পাকিস্তান বাহিনীর সক্রিয়তার ওপর। এ জন্য ওবামা প্রশাসনকে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করতে হবে। এপি।