পাকিস্তান-মার্কিন সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করায় বিশ্বাসঘাতকতার দায়ে চিকিৎসক শাকিল আফ্রিদিকে কারাদণ্ড দিয়েছে পাকিস্তান। এর জবাবে পাকিস্তানকে সহযোগিতা কমিয়ে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের টানাপোড়েনের সম্পর্ক আরও জটিল করে তুলল শাকিল আফ্রিদির এই দণ্ড।শাকিল আফ্রিদিকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। প্রতিবছরের জন্য ১০ লাখ করে ৩৩ বছরে মোট তিন কোটি ৩০ লাখ ডলারের মার্কিন অর্থসাহায্য হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। তাৎক্ষণিক প্রতীকী প্রতিবাদ হিসেবেই গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে এ ধরনের একটি প্রস্তাবনা অনুমোদন করা হয়েছে।আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্য পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতে তাঁর অবস্থান নিশ্চিত করে মার্কিন গোয়েন্দা সংস্থা। ওই বাড়িতে লুকিয়ে থাকা তাঁর সন্তানদের অবস্থানও নিশ্চিত করা হয়। অ্যাবোটাবাদ এলাকায় সরকারি চিকিৎসক ছিলেন শাকিল আফ্রিদি। তাঁর মাধ্যমে একটি সাজানো ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা হয়। এ কর্মসূচির আওতায় অ্যাবোটাবাদের নির্দিষ্ট বাড়ি থেকে স্বাস্থ্যকর্মীরা রক্তের নমুনা সংগ্রহে সক্ষম হন। পাকিস্তান কর্তৃপক্ষ মনে করে, মার্কিন গোয়েন্দা সংস্থার ভাড়া করা লোক হিসেবেই শাকিল আফ্রিদি ভুয়া ভ্যাকসিন কর্মসূচি চালু করেন। মার্কিন বাহিনীর হাতে বিন লাদেন নিহত হওয়ার পরপরই গত বছর এ চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।শাকিল আফ্রিদিকে কারাদণ্ড দেওয়ার পর প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, শাকিল আফ্রিদিকে আটক রাখারই কোনো ভিত্তি আছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না। উপরন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ ও দীর্ঘমেয়াদি কারাদণ্ড দুঃখজনক। শাকিল আফ্রিদির মুক্তির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিলারি।এদিকে বিবিসিতে প্রকাশিত এ-সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসক শাকিল আফ্রিদি সচেতনভাবেই সিআইএকে সহযোগিতা করেছেন, এমন বিষয় নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন গোয়েন্দাদের পাতা ফাঁদে শাকিল আফ্রিদি নিজেই ব্যবহূত হতে পারেন বলেও তাঁর প্রতি সহানুভূতিশীল পাকিস্তানিদের অভিমত।শাকিল আফ্রিদি ছাড়াও পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ এখন তুঙ্গে। পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিদের সরাসরি আক্রমণের জন্য মার্কিন বাহিনী চালকবিহীন বিমান হামলা পরিচালনা করে থাকে। ড্রোন নামের এ ধরনের মার্কিন বিমান হামলা বন্ধের জন্য পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব পাস হয়েছে। গত বুধবারই মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের ওয়াজিরিস্তান এলাকায় চার ব্যক্তি নিহত হয়েছেন।এর আগে আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন ও ন্যাটো বাহিনীর সামরিক স্থাপনায় রসদ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ২০১১ সালে মার্কিন বিমান হামলায় পাকিস্তানে ২৪ জন নিহত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। সামরিক কৌশলের জন্য পাকিস্তানের ওপর দিয়ে এ সরবরাহ-পথ মার্কিন ও ন্যাটো বাহিনীর জন্য খুবই জরুরি। সম্প্রতি শিকাগোয় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এ নিয়ে পাকিস্তানের সঙ্গে পশ্চিমাদের সমঝোতা প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।মার্কিন সিনেটে পাকিস্তানে সাহায্য হ্রাসের প্রস্তাব অনুমোদনের পর প্রভাবশালী আইনপ্রণেতা সিনেটর প্যাটিক লেহি বলেছেন, ‘আমাদের যেমন পাকিস্তানের প্রয়োজন, পাকিস্তানও তেমনি আমাদের কাছে জরুরি।’ তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানকে আমরা দ্বৈত ভূমিকায় দেখতে চাই না।’ প্রবীণ আইনপ্রণেতা সিনেটর জন ম্যাককেইন বলেছেন, জঙ্গিগোষ্ঠীকে সমর্থন না করার বিষয়টি নিশ্চিত করেই পাকিস্তানকে সাহায্যের অর্থ ব্যয় করতে হবে।