পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেন গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইসলামাবাদের সঙ্গে আলোচনায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে। পাকিস্তান থেকে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের পথ খুলে দিতে গত মঙ্গলবার ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের চুক্তি হয়। এরপর ইসলামাবাদ সফর করেন জেনারেল অ্যালেন।এদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহির-উল-ইসলাম গত বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান ডেভিড পেট্রাউসের সঙ্গে তাঁর বৈঠক করার কথা।যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে অ্যালেনের ইসলামাবাদ সফর এবং জহিরের ওয়াশিংটন সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। অ্যালেন ইসলামাবাদে গতকাল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আফগান-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং আফগান, পাকিস্তান ও ন্যাটো সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই পক্ষ থেকেই দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।বিবৃতিতে জেনারেল অ্যালেন বলেন, ‘আমরা পারস্পরিক অংশীদারি বৃদ্ধিতে সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটাতে সক্ষম হয়েছি, যা এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করবে।’ জেনারেল কায়ানি বলেন, এ বৈঠক পাকিস্তান সেনাবাহিনী ও আফগানিস্তানে নিয়োজিত বিদেশি সেনাদের কৌশলগত বোঝাপড়ায় সহায়তা করবে। বিবৃতিতে পাকিস্তান, আফগানিস্তান ও ন্যাটো বাহিনীর জন্য সুনির্দিষ্ট সমস্যা এবং জটিলতার বিষয়গুলো উল্লেখ করা হয়নি।অ্যালেনের সফরের আগে গত মঙ্গলবার ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় পাকিস্তান থেকে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ ২০১৫ সাল পর্যন্ত খোলা রাখা হবে। আফগানিস্তান থেকে ২০১৪ সালের শেষ নাগাদ সব বিদেশি সেনা প্রত্যাহার করার কথা রয়েছে।গত বছরের ২ মে পাকিস্তানে মার্কিন কমান্ডো বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে। এরপর নভেম্বরে মার্কিন ড্রোন হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হলে পাকিস্তান সে দেশ থেকে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। ফলে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। গত ৩ জুলাই পাকিস্তান রসদ সরবরাহের পথ খুলে দেয়। এরপর গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ওই চুক্তি সই হয়। এএফপি, ডন।