স্বামীর কবরের ওপর উড়ছে পাকিস্তানের জাতীয় পতাকা। কবরস্থানের একটু দূরে তাঁর আত্মার শান্তি কামনা করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন মুসারাত বিবি। মাত্র ২৪ বছর বয়সেই বিধবা হয়েছেন তিনি।গত ২৬ নভেম্বর পাকিস্তানের তল্লাশি চৌকিতে ন্যাটোর হামলায় নিহত ২৪ পাকিস্তানি সেনার একজন তাঁর স্বামী সার্জেন্ট মুমতাজ হুসাইন। দুটি শিশু আছে এই দম্পতির। মুসারাতা বলেন, ‘আমাদের সেনাদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা এটিই প্রথম নয়, কিন্তু আমাদের সরকার কোনো জবাব দিচ্ছে না। নির্দোষ সেনাদের হত্যা করাও যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার জন্য উপযুক্ত কারণ নয়!’দুই শিশুর কথা উল্লেখ করে মুসারাত বলেন, তাঁর স্বামী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর সন্তানেরা বাবাকে দেখতে চায়। বায়না ধরেছে, বাবাকে না দেখা পর্যন্ত স্কুলে যাবে না। ওরা বিশ্বাস করতে চায় না যে ওদের বাবা আর এই পৃথিবীতে নেই।হুসাইনের চাচা মুহাম্মদ নাজির বলেন, ‘ভারত আমাদের শত্রু। ভারতের সঙ্গে যুদ্ধে আমাদের ছেলেরা শহীদ হলে মেনে নেব, গর্বিত হবো। কিন্তু অযথা এই যুদ্ধে আমাদের সন্তানদের মৃত্যুর মানে কী? এটা তো আমাদের যুদ্ধ নয়?’ তিনি বলেন, ‘আমাদের সরকার মার্কিন জোট থেকে বেরিয়ে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। তালেবান আর আমাদের ওপর হামলা চালাবে না, আমাদের দেশও এগিয়ে যাবে।’হুসাইনের মা বেগুমান (৭০) বলেন, ‘এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত। এটা আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। সরকারকে অবশ্যই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে। আমি ছেলে হারানো অন্য মায়েদের শান্তি চাই।’হামলার ব্যাপারে সরকারের আচরণে ক্ষুব্ধ হুসাইনের স্বজনদের মতে, এই হামলার একমাত্র উত্তর হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইতি টানা এবং সীমান্ত অঞ্চলে তালেবানের বিরুদ্ধে মার্কিন হামলা নিষিদ্ধ করা।তাসলিম আক্তারের ছেলে রিজওয়ান আব্বাস (২০) গত বছর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁকেও ন্যাটোর হামলায় জীবন দিতে হয়েছে। তাসলিম বলেন, ‘আমার ও আমার ছেলের লক্ষ্য ছিল দেশের জন্য জীবন উৎসর্গ করা। আমার আরও তিন ছেলেকে দেশের জন্য উৎসর্গ করতে পারি। কিন্তু আমাদের সরকারকে অবশ্যই নীতি পরিবর্তন করতে হবে।’নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে’ যোগ দেয় পাকিস্তান। পাকিস্তান সরকারের তথ্যমতে, গত ১০ বছরে তালেবান হামলায় তিন হাজার সেনাসহ অন্তত ৩৫ হাজার মানুষ মারা গেছে। এএফপি।