পাকিস্তান রসদ সরবরাহের পথ খুলে দেবে বলে আশা ন্যাটোর
আফগানিস্তানে বিদেশি বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ পাকিস্তান খুলে দেবে বলে এখনো আশাবাদী বিশ্বের প্রধান সামরিক জোট ন্যাটো, যদিও ন্যাটো দেশটিতে রসদ সরবরাহের জন্য মধ্য এশিয়ার তিনটি দেশের সঙ্গে ইতিমধ্যে ট্রানজিট চুক্তি করেছে।গত নভেম্বর মাসে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে মার্কিন বাহিনীর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ইসলামাবাদ আফগানিস্তানে রসদ সরবরাহের সব পথ বন্ধ করে দেয়।এদিকে এই পথ খুলে দেওয়ার ব্যাপারে ছয় সপ্তাহ ধরে আলোচনার পর কোনো সিদ্ধান্ত না হওয়ায় প্রতিনিধিদলকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন গত বুধবার বলেন, মধ্য এশিয়ার তিনটি দেশ উজবেকিস্তান, কাজাখস্তান ও কিরগিজস্তানের সঙ্গে ট্রানজিট চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো সেনাদের সরিয়ে নেওয়ার সময় ওই দেশগুলো ট্রানজিট ব্যবহারে নমনীয়তা দেখাবে। রাসমুসেন বলেন, তার পরও ন্যাটো পাকিস্তানের রসদ সরবরাহের পথ খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী। কারণ, ন্যাটো যত বেশি সম্ভব বিকল্প পথ চায়।অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাতীয় প্রেসক্লাবে রাসমুসেন আরও বলেন, কর্মকর্তারা আশাবাদী, পাকিস্তান শিগগিরই রসদ সরবরাহের পথ খুলে দেবে। রয়টার্স।