পাকিস্তান সফরে কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Hamid+Karzai
Hamid+Karzai

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আজ সোমবার পাকিস্তান সফরে গেছেন। দেশটির শান্তি-প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করবেন তিনি। এটি হবে তাঁর তালেবানের সঙ্গে আবার শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তালেবানের সঙ্গে আবার শান্তি-প্রক্রিয়া শুরু করতে ইসলামাবাদে গেছেন কারজাই। সেখানে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পাকিস্তানের উদ্দেশে কাবুল ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে কারজাই বলেন, পাকিস্তান শান্তি আলোচনার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে। এ ছাড়া পাকিস্তানের কারাগারে থাকা শীর্ষস্থানীয় আফগান তালেবান বন্দীদের  তাঁর সরকারের কাছে তুলে দিতে নওয়াজ শরিফের প্রতি দাবি জানাবেন কারজাই।
কারজাইকে যুক্তরাষ্ট্রের পুতুল হিসেবে অভিহিত করে তাঁর সঙ্গে আলোচনায় বসতে অসম্মতি জানিয়েছে তালেবান।
কারজাই সরকারের অভিযোগ, তালেবানের নিরাপদ স্বর্গ পাকিস্তান। দেশটিতে সহিংসতা বাড়ার প্রধান কারণও পাকিস্তান। কারণ পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে আফগান তালেবানকে সহায়তা ও আশ্রয় দিচ্ছে।

পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।