পাকিস্তান সফরে মিসরের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গতকাল সোমবার দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে পাকিস্তানে পৌঁছেছেন। নিজ দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই তাঁর এ সফরের মূল লক্ষ্য।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিসরের সাবেক নেতা জামাল আবদেল নাসের ষাটের দশকে পাকিস্তান সফর করেছিলেন। এর পর থেকে এ পর্যন্ত মুরসিই মিসরের প্রথম নেতা, যিনি পাকিস্তান সফর করলেন। এক দিনের এই সফরে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই সফর একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’। এই সফর অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি দেবে।দুই দেশের কর্মকর্তারা নৌ-যোগাযোগ, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন চুক্তিতে সই করেন।মুরসিকে যখন পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানানো হয় এবং সামরিক বাহিনী তাঁকে গার্ড অব অনার প্রদান করে, সেই দৃশ্য পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।পাকিস্তান সফর শেষে গতকাল রাতেই মুরসি ভারতে যান। ভারতের রাষ্ট্রদূত নবদ্বীপ সুরি সাংবাদিকদের বলেন, ‘মিসরের সঙ্গে আমাদের বাণিজ্য গত তিন বছরে এতই দ্রুততার সঙ্গে বেড়েছে যে বর্তমানে ভারত মিসরের সপ্তম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার।’মিসরে ২০১১ সালে স্বৈরশাসক হোসনি মোবারক পতনের যে আন্দোলন শুরু হয়, তার জের ধরে দেশটির অর্থনীতি সংকটে পড়ে। হোসনি মোবারকের পতনের পর আজও দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসেনি। সংঘর্ষ ও সংঘাত অব্যাহত থাকায় দেশটিকে এখনো বিনিয়োগ ও বিদেশি দাতাদের ফিরিয়ে আনতে সংগ্রাম করতে হচ্ছে। এএফপি।