পাকিস্তান সফরে হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌশলগত ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য গতকাল রোববার পাকিস্তান পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তানের সমর্থন আরও বাড়ানোর বিষয়টি তাঁর এই সফরের আলোচ্যসূচিতে গুরুত্ব পাবে।হিলারির সফরসঙ্গী একজন সাংবাদিক জানান, দুপুরে ইসলামাবাদের চাকালা বিমানঘাটিতে অবতরণ করে তাঁদের বিমান। গতকাল সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।সফরসূচি অনুযায়ী, আজ সোমবার পাকিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনীতিক ও ব্যবসায়ী এবং প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন হিলারি। এই কৌশলগত আলোচনার লক্ষ্য, পাকিস্তানিদের মধ্য থেকে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব দূর করার একটি পথ খুঁজে বের করা। আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। তিনি আগামীকাল মঙ্গলবার আফগানিস্তানে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীগুলোর একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন।নিজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কোরেশি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহায়তারও প্রশংসা করেন কোরেশি।ঊর্ধ্বতন একজন মার্কিন কর্মকর্তা জানান, পকিস্তানের জন্য আজ একটি বড় আকারের সহায়তা প্যাকেজের কথা ঘোষণা করবেন হিলারি। পানি ও জ্বালানি খাতের উন্নয়নে এই অর্থ সরবরাহ করা হবে। গত বছর মার্কিন কংগ্রেস পাকিস্তানের জন্য পাঁচ বছর মেয়াদি যে সাড়ে ৭০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, এরই অংশ হিসেবে এই সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানের গোমাল জাম, সাতপারা ও বেলুচিস্তান এলাকায় কয়েকটি বাঁধ নির্মাণ করা হবে। এ ছাড়া করাচি, লাহোর ও জাকোকাবাদে তিনটি হাসপাতালের সংস্কার করা হবে।পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী আদিবাসী-অধ্যুষিত এলাকায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা নিয়ে বেশ আগে থেকেই উদ্বেগ জানিয়েছে আসছে মার্কিন প্রশাসন। এসব জঙ্গি পাকিস্তান সীমান্ত থেকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি অংশ তালেবান জঙ্গিদের সহায়তা করছে, এমন অভিযোগ নিয়েও উদ্বিগ্ন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। এএফপি।