পাকিস্তান সফরের জন্য ‘উপযুক্ত পরিবেশ’ চান মনমোহন
পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে তিনি শর্তারোপ করে বলেছেন, এ জন্য ‘উপযুক্ত পরিবেশ’ তৈরি করতে হবে। ইরানের তেহরানে জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে গতকাল শুক্রবার সফরসঙ্গী সাংবাদিকদের মনমোহন সিং এ কথা বলেন। মনমোহন বলেন, ‘আমি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে বলেছি, এ সফরের জন্য আমাদের যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।’শীর্ষ সম্মেলনের পাশাপাশি তেহরানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠকের এক দিন পর মনমোহন এ মন্তব্য করলেন। ওই বৈঠকে মনমোহন জারদারিকে ভারতবিরোধী সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দেন। বৈঠকে প্রেসিডেন্ট জারদারি ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরে আবারও আমন্ত্রণ জানান। দেশে ফেরার পথে মনমোহন সাংবাদিকদের বলেন, পাকিস্তানের মাটি থেকে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ঠেকাতে ইসলামাবাদ তার সর্বোত্তম সব ধরনের চেষ্টা করছে—এ বিষয় ‘সত্যিকার অর্থে’ দেখাতে হবে। দ্য হিন্দু।