পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খান বলেছেন, বর্তমান সরকার নিজেই দেশের জন্য একটি সমস্যায় পরিণত হয়েছে। তারা কোনো সংকটের সমাধান দিতে পারবে না। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত রোববার দেশটির পাঞ্জাব প্রদেশের কাহুতা শহরে এক জনসভায় বলেন, পিটিআইয়ের সুনামিতে ভেসে যাবে দেশের সব লুটেরা। আগামী সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জয়ের কোনো সুযোগ নেই। এমনকি জোট বেঁধে নির্বাচন করলেও তাদের জয়ের আশা নেই।বিরোধী দল পিএমএল-এনের ভূমিকার সমালোচনা করে ইমরান বলেন, সর্বদলীয় সম্মেলনে তারা প্রতিদিনই নাটক করছে। তারা সত্যি সত্যি সরকারবিরোধী হলে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করত।এ ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে প্রধানমন্ত্রী আগাম নির্বাচন দিতেন বলে মন্তব্য করেন ইমরান খান। জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ৪০ নেতা-কর্মী পিটিআইয়ে যোগ দেন। দ্য নিউজ।