পাকিস্তান সীমান্তের কাছে বড় সামরিক মহড়া চালাবে ভারত
পাকিস্তানের সীমান্তসংলগ্ন এলাকায় বড় ধরনের সামরিক মহড়া চালাবে ভারতীয় সেনাবাহিনী। এতে ২০ হাজার সেনাসদস্য অংশ নেবেন। গতকাল সোমবার দেশটির একজন সরকারি কর্মকর্তা এই তথ্য জানান।ভারতের সামরিক মুখপাত্র কর্নেল জগদীপ দাহিয়া বলেন, আগামী মাসে ভারতের রাজস্থান রাজ্যের মরু এলাকায় এই সামরিক মহড়া হবে। এতে ২০ হাজার সেনাসদস্য অংশ নেবেন। এ পর্যন্ত পরিচালিত সবচেয়ে বড় এই মহড়ায় রাশিয়ায় তৈরি ২০০ ট্যাংক ব্যবহার করা হবে। মে মাসে শেষ হবে এই মহড়া। সেনাবাহিনীর পৃথক এক বিবৃতিতে বলা হয়, মহড়ার ট্যাংক ছাড়াও সম্মুখযুদ্ধে ব্যবহারোপযোগী সামরিক যান, হেলিকপ্টার, যুদ্ধবিমান, চালকবিহীন বিমান (ড্রোন) ব্যবহূত হবে। এ ছাড়া সামরিক রাডার ও বিমান হামলা প্রতিরক্ষাব্যবস্থার বিষয়ও ঝালিয়ে নেওয়া হবে।অপর একটি সূত্র জানায়, সীমান্ত থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে এই মহড়া হবে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত তিনটি যুদ্ধ হয়েছে। এএফপি।