আফগানিস্তানের রোডম্যাপ নির্ধারণে জার্মানিতে আগামীকাল সোমবার আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে পাকিস্তান গত শুক্রবার নিশ্চিত করেছে যে, তারা এ সম্মেলন বর্জন করবে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। অন্যদিকে ন্যাটো বাহিনীর বোমা বর্ষণে ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনার মার্কিন তদন্তেও পাকিস্তান অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। আফগানিস্তানের ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করতে জার্মানির বনে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ১০০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে জানা গেছে। সম্মেলনের তিন দিন আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জার্মানিতে পা রাখার পরপরই পাকিস্তানের সম্মেলন বর্জনের এ খবর এল। প্রেসিডেন্ট হামিদ কারজাই বিমানবন্দরে পৌঁছালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারভেলে তাঁকে স্বাগত জানান। তবে সম্মেলন ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, পাকিস্তানের বর্জনের ঘোষণার পর তার পুরোপুরি সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়েস্টারভেলের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় বলেছিলেন, সোমবারের সম্মেলন সফল হবে বলে তিনি প্রত্যাশা করছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় পাকিস্তান তার সমর্থন অব্যাহত রাখবে। তবে আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণের ওই সম্মেলনে পাকিস্তান অংশ নেবে না বলে নিশ্চিত করেছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। পাকিস্তানের এ সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করেছেন ওয়েস্টারভেলে। কারণ, আফগানিস্তানের রোডম্যাপ ঘোষণার পথে পাকিস্তানের এ সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পশ্চিমা কূটনীতিক ও বিশ্লেষকেরাও পাকিস্তানের বর্জনের ঘোষণাকে সম্মেলনের সফলতার পথে বিরাট ধাক্কা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ন্যাটোর বোমা বর্ষণে ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনার মার্কিন তদন্তে পাকিস্তানকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। তবে ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, তারা এ বিষয়ে ওয়াশিংটনকে কোনো ধরনের সহযোগিতা করবে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জর্জ লিটল গত শুক্রবার এ খবর জানিয়ে বলেছেন, ন্যাটোর ওই বোমা বর্ষণের ঘটনা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সহযোগিতার ক্ষেত্রে একটা বড় ধাক্কা।বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েন চললেও গত সপ্তাহে ন্যাটো বাহিনীর ওই বোমা বর্ষণের ঘটনার আগ পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ ছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, মার্কিন সেনারা ওই অভিযান সম্পর্কে পাকিস্তান কর্তৃপক্ষকে আগেভাগে জানায়নি তার কারণ হচ্ছে, তাদের ধারণা ছিল, অভিযান পুরোপুরি আফগান সীমানার মধ্যেই সংঘটিত হবে। তবে পাকিস্তানি সেনা কর্মকর্তারা বলেছেন, সীমান্ত এলাকায় জঙ্গিদের ওপর আক্রমণের বিষয়ে মার্কিন সেনারা পাকিস্তানি সেনাদের ভুল তথ্য দিয়েছিল। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।