যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তানকে অবশ্যই সে দেশে জঙ্গিদের ‘অভয়ারণ্য’ নির্মূল করতে হবে। বৃহস্পতিবার ওয়াশিংটনে সফররত নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী অলুগনেঙ্গা আশিরুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন হিলারি। হিলারি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা ওই “অভয়ারণ্যে”র অবসান চাই। ওবামা প্রশাসন চায়, পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের যেকোনো স্থান থেকে যেকোনো ধরনের মদদ বন্ধ করা হোক। আমরা এও বলতে চাই, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় ওয়াশিংটন।’ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন গতকাল শুক্রবার বলেছেন, আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদের ইতিবাচক পদক্ষেপ আশা করে ন্যাটো। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদের মূলোৎপাটনে অগ্রণী ভূমিকা রাখতে আমরা পাকিস্তানের সেনা ও সরকারকে আহ্বান জানাই।’ ব্রাসেলসে ইউরোপিয়ান পলিসি সেন্টার থিংক ট্যাংক আয়োজিত এক প্রতিরক্ষা ফোরামে তিনি এসব কথা বলেন। এএফপি।