পাকিস্তানকে জঙ্গিবিরোধী ভূমিকা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ইসলামাবাদ যদি তার ভূখণ্ডে চলমান ভারতবিরোধী জঙ্গি তৎপরতা বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে দুই দেশের মধ্যে যে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে, তা এগিয়ে নেওয়া সম্ভব হবে না। ভারতের ৬৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রোববার দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ওই ভাষণে তিনি মাওবাদীদের হিংসার পথ ছেড়ে আলোচনার টেবিলে বসারও আহ্বান জানান। রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এর আগের দিন (গত শনিবার) একই স্থানে ভাষণ দেন। রাষ্ট্রপতিও মাওবাদীদের গণতান্ত্রিক পথে আসার আহ্বান জানান।প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে যেকোনো ধরনের নাশকতামূলক ঘটনা এড়াতে লালকেল্লা দুর্গের চার পাশে গতকাল ৮০ হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানের মূল কেন্দ্রের আশপাশে সব ধরনের গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়। মার্কেটগুলো বন্ধ করে ওই এলাকায় বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘আমরা আশা করি পাকিস্তান তার মাটিতে ভারতবিরোধী কোনো জঙ্গি তৎপরতা চলতে দেবে না। তবে তারা যদি জঙ্গিদের দমন না করে, তাহলে শান্তি আলোচনায় অগ্রগতি আনা সম্ভব হবে না।’কাশ্মীরে সম্প্রতি পুলিশের গুলিতে বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর সরকার কাশ্মীরের সব দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে। তিনি বলেন, কাশ্মীরে বছরের পর বছর ধরে চলা সহিংসতার এখনই অবসান হওয়া উচিত। এই সহিংসতায় কেউই উপকৃত হচ্ছে না। মাওবাদীদের বিষয়ে তিনি বলেন, ‘আমি আবারও নকশালপন্থীদের (মাওবাদী) সংঘাতের পথ ছেড়ে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসার আবেদন জানাই।’ তিনি বলেন, তিনি চান মাওবাদীরা সহিংসতা ছেড়ে আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করুক। মাওবাদী অধ্যুষিত পিছিয়ে পড়া জনপদগুলোর উন্নয়নে সরকার কাজ করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এএফপি। মাওবাদীদের আলোচনায় বসার আহ্বানকলকাতা প্রতিনিধি জানান, ভারতের ৬৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গত শনিবার ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবীসিং পাতিল জাতির উদ্দেশে এক ভাষণে সন্ত্রাসকে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেছেন, এই সমস্যা মোকাবিলার জন্য সব দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা উচিত। এ ছাড়া তিনি মাওবাদীদের প্রতি হিংসার পথ ছেড়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। এদিকে গতকাল সকালে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মনমোহন সিংও মাওবাদীদের প্রতি একই আহ্বান জানিয়েছেন।