পাকিস্তানকে লেজার-নিয়ন্ত্রিত বোমার সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এক হাজার লেজার-নিয়ন্ত্রিত অত্যাধুনিক বোমার সরঞ্জাম দেবে। এর আগে তারা পাকিস্তানকে এক হাজার বিশেষ ধরনের বোমা দিয়েছিল। এসব বোমা দিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটিতে আরও নিখুঁতভাবে হামলা চালাতে পারবে। ওয়াশিংটনে সামরিক কর্মকর্তারা মঙ্গলবার এ কথা বলেন। খবর জিনিউজ ও দ্য ডনের।এ সামরিক সরঞ্জাম বিক্রির উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে চাইছে। একইভাবে তারা পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতাও বাড়ানোর চেষ্টা করছে। সীমান্তে ঘাঁটি গেড়ে থাকা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে চলমান অভিযানে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার মাধ্যমে উত্সাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বিমানবাহিনীর মুখপাত্র লে. কর্নেল জেফরি গ্লেন বলেন, গত মাসে পাকিস্তানকে এক হাজার এমকে-৮২ বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ মাসে ওই বোমার সরঞ্জামের চালান পাঠানো হবে। ওই লেজার-নিয়ন্ত্রিত বোমা দিয়ে পাকিস্তানি সেনারা জঙ্গিদের সুনির্দিষ্ট অবস্থানের ওপর নিখুঁতভাবে হামলা চালাতে পারবে। গ্লেন আরও বলেন, পাকিস্তানি বাহিনী সীমান্ত এলাকায় যাতে বিমান হামলা জোরদার করতে পারে, সে জন্য যুক্তরাষ্ট্র নতুন ১৮টি এফ-১৬ জঙ্গি বিমান দেবে। আগামী জুন মাসের মধ্যেই ওই বিমানের চালান পাঠানো হবে। পাকিস্তানের বিমানবাহিনী-প্রধান গত বছর ওয়াশিংটন সফর করেন। ওই সময় তিনি জঙ্গি-বিরোধী অভিযানে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতে ওয়াশিংটনের কাছে আহ্বান জানান। ওই আহ্বানের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র ওই সামরিক সরঞ্জাম দিচ্ছে।