পাকিস্তানকে সমর্থন, ভারতে আরও শিক্ষার্থী বহিষ্কৃত
ভারতের মিরাটের পর এবার গ্রেটার নয়ডায় ঘটল একই ঘটনা। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলা চলার সময় পাকিস্তানের পক্ষে স্লোগান ও হর্ষধ্বনি দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর গ্রেটার নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চারজন কাশ্মীরের অধিবাসী।
আজ রোববার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল শনিবার ওই ছয় শিক্ষার্থীকে প্রতিষ্ঠানটির হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।
২ মার্চ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলাটি চলার সময় পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ায় সাময়িকভাবে বহিষ্কৃত হন উত্তর প্রদেশের মিরাটের স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষার্থীদের সবাই কাশ্মীরের অধিবাসী বলে জানা গেছে।
জানা গেছে, ওই দিন বিপুল আয়োজনে ভারত-পাকিস্তানের ম্যাচটি উপভোগ করছিলেন স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী। বহিষ্কৃত ছাত্ররা খেলায় পাকিস্তানের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ায় সেখানে উত্তেজনা বিরাজ করছিল শুরু থেকেই। খেলায় ভারত হেরে যাওয়ার পরেও তাঁরা স্লোগান ও বিভিন্ন হর্ষধ্বনি অব্যাহত রাখায় উত্তেজনা শেষ পর্যন্ত পরিণত হয় সংঘর্ষে। শেষমেশ ওই কাশ্মীরি ছাত্রদের বহিষ্কার করেই থামাতে হয় সেই উত্তেজনা। সংঘর্ষে নাকি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহতও হয়েছেন।
শারদা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভারত-পাকিস্তানের ম্যাচ চলাকালে প্রতিষ্ঠানটির হোস্টেলের একদল শিক্ষার্থী পাকিস্তানের পক্ষে হর্ষধ্বনি দেন। এর প্রতিবাদ করেন অপর একদল শিক্ষার্থী। এরপর ৫ মার্চ এক শিক্ষার্থী যোগাযোগের সামাজিক মাধ্যমে একটি মন্তব্য পোস্ট করেন। ওই মন্তব্যে পাকিস্তানের পক্ষে হর্ষধ্বনি দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতোই ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মন্তব্যটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে শারদা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডাকে। এরপর ছয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চারজন কাশ্মীরের অধিবাসী।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী কল্যাণ ডিন রণবীর সিং বলেছেন, শৃঙ্খলা রক্ষায় ওই ছয় শিক্ষার্থীকে হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে শারদা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীদের ১৫ দিন পর আবার হোস্টেলে থাকার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা।