নিজেদের মধ্যে সন্দেহ-অবিশ্বাস কাটিয়ে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির মধ্যে কৌশলগত আলোচনার পর দুই নেতা এই অঙ্গীকার ব্যক্ত করেন। সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে সামরিক অভিযান চালানোর খরচ হিসেবে ওয়াশিংটন পাকিস্তানকে ২০০ কোটি ডলার দেবে বলে জানিয়েছেন মেহমুদ কোরেশি। প্রথম দিনের আলোচনা শেষে গত বুধবার যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হিলারি ক্লিনটন ও মেহমুদ কোরেশি। হিলারি বলেন, আমরা স্পষ্ট বলতে চাই, এই কৌশলগত আলোচনা পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র দুদেশের স্বার্থেই। আলোচনায় দুদেশের নিরাপত্তা, বিদ্যুত্, শিক্ষা, কৃষি ও উন্নয়ন নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এটি ‘নতুন একটি দিন’। নতুন এই সম্পর্ককে ‘সময়ের পরীক্ষা’ বলে অভিহিত করেন হিলারি। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই সম্পর্ক সবসময় সহজ হবে না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো পর্যায়ের আলোচনাকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।সংবাদ সম্মেলনে শাহ মেহমুদ কোরেশি বলেন, আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। দুদেশের মধ্যে আর কোনো সন্দেহ-অবিশ্বাস নেই। তিনি জানান, সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে পাকিস্তান দেশের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালিয়েছে। এর খরচ হিসেবে ইসলামাবাদকে ২০০ কোটি ডলার দিতে রাজি হয়েছে ওয়াশিংটন। আগামী জুনের মধ্যে পাকিস্তান এই অর্থ পাবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির মতো ইসলামাবাদও ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। এ প্রসঙ্গে কোরেশি বলেন, আমরা আশা করি আমাদের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে ওয়াশিংটন এতে রাজি হবে। তবে হিলারি ক্লিনটন বলেন, নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের ওই চুক্তি স্বাক্ষর হয়েছে ‘অনেক অনেক বছর’ ও অনেক আলোচনার পর। তবে বিষয়টি নিয়ে আলোচনা হবে।পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সপ্তাহব্যাপী ‘কৌশলগত আলোচনা’ শুরু করেছে। এই আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা অংশ নেবেন। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব সৃষ্টি হয়। মূলত দুদেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থেই ওয়াশিংটনে সপ্তাহব্যাপী উচ্চপর্যায়ের এ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল জাজিরা, বিবিসি, এএফপি।