বারাক ওবামা প্রশাসন ২০১৩ অর্থবছরে পাকিস্তানের জন্য প্রায় ২৪০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যের প্রস্তাব করেছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের বার্ষিক তিন লাখ ৮০ হাজার কোটি ডলারের বাজেটে এ প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এবারের বাজেটে ধনীদের ওপর বেশি করে কর আরোপ করা হয়েছে।হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত বাজেট কংগ্রেসে পাঠানো হবে। বাজেট কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ এবং সিনেটে অনুমোদন হতে হবে। দেশটির ২০১৩ সালে অর্থবছর আগামী ১ অক্টোবর ২০১২ থেকে শুরু হবে।২৪০ কোটি ডলারের মধ্যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার উপায় এবং গণতন্ত্র ও নাগরিক অধিকার আদায়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে ২২০ কোটি ডলার। এর মধ্যে বিদ্রোহীদের দমনে সক্ষমতা বাড়াতে দেওয়া হবে ৮০ কোটি ডলার। পাকিস্তানের মার্কিন নাগরিকসহ যাঁরা সুশীল সমাজ সম্পর্কিত কাজে নিয়োজিত তাঁদের সহায়তার জন্য দেওয়া হবে ১৯ কোটি ৭০ লাখ ডলার।এবারের বাজেটে আফগানিস্তানের জন্য ৪৬০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। পাকিস্তানের সঙ্গে চলমান টানাপোড়েন সত্ত্বেও দেশটিতে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকছে। পাকিস্তানের মাটিতে মার্কিন বাহিনীর হামলায় ওসামা বিন লাদেনের মৃত্যু ছাড়াও গত বছরের ২৬ নভেম্বর আফগান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় ২৪ পাকিস্তানি সেনাসদস্য নিহত হওয়ার পর থেকে দেশ দুটির সম্পর্কে অবনতি ঘটে। এই টানাপোড়েন সত্ত্বেও আসছে বাজেটে পাকিস্তানের জন্য এমন অর্থ সাহায্যের ঘোষণা দিল ওবামা প্রশাসন। পিটিআই।