পাকিস্তানি জঙ্গিদের সহায়তা চান আফগান জঙ্গিনেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভেদ ভুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের সাহায্যের জন্য পাকিস্তানি জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছেন আল-কায়েদা ও আফগান তালেবানের শীর্ষস্থানীয় নেতারা। পাকিস্তানের বেশ কয়েকজন জঙ্গিনেতা গত সোমবার এ কথা জানান। গত নভেম্বর ও ডিসেম্বরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে দুটি বৈঠকে এ আহ্বান জানান আফগান জঙ্গিনেতারা। পাকিস্তানের তালেবান মুখপাত্র এহসানুল্লাহ্ এহ্সান জানান, ২৭ নভেম্বর ও ১১ ডিসেম্বরে দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ান্নায় এ দুটি বৈঠক হয়। পাকিস্তানি তালেবান-প্রধান হাকিমুল্লাহ্ মেহসুদ দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন বলে মুখপাত্র এহ্সান জানান। এ ছাড়া পাকিস্তানের উল্লেখযোগ্য অন্য জঙ্গি নেতাদের মধ্যে তালেবান-প্রধান মেহসুদের সহকারী ওয়ালিউর রহমান ও কমান্ডার মৌলভী নাজির এবং গুল বাহাদুরও হাজির ছিলেন বলে তালেবান মুখপাত্র জানান। ১১ ডিসেম্বরের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন নাম প্রকাশে অনিচ্ছুক জঙ্গি জানান, ওই দিন আল-কায়েদার শীর্ষস্থানীয় কমান্ডার আবু ইয়াহিয়া আল-লিব্বি পাকিস্তানি জঙ্গিদের প্রতি সহযোগিতার আবেদন জানান। কমান্ডার আবু ইয়াহিয়া বলেন, ‘আল্লাহ্র ওয়াস্তে আপনারা নিজেদের মতপার্থক্য ভুলে আফগানিস্তানে মার্কিনবিরোধী লড়াই জোরদার করতে যোদ্ধা সরবরাহ করুন।’ বৈঠকটিতে আফগান তালেবান যোদ্ধাদের মধ্যে আরও ছিলেন সংগঠনটির পরিচিত মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদ ও মার্কিন কারাগারে একসময় বন্দী থাকা নেতা মৌলভি সানগিন।যুদ্ধের মূল লক্ষ্য নির্ধারণ নিয়ে পাকািস্তানি জঙ্গিদের মধ্যে দীর্ঘদিন ধরেই মতভেদ রয়েছে। এখানকার তালেবান গোষ্ঠী আফগানিস্তানে কিছু যোদ্ধা পাঠালেও তারা মূলত নিজ দেশের সরকার উৎখাতেই জোর দিচ্ছে। এদিকে উপজাতি-অধ্যুষিত পাকিস্তানি অন্য জঙ্গি গোষ্ঠীগুলো আফগানিস্তানে বিদেশি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ওপরই জোর দিচ্ছে। এপি।