
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর খান সাইদ সাজনা ওরফে খালিদকে সংগঠনটির নতুন প্রধান নির্বাচিত করা হয়েছে।
জঙ্গিনেতা মেহসুদ গত শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেলেও পাকিস্তান বা যুক্তরাষ্ট্র সরকার গতকাল রাত পর্যন্ত সরাসরি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে পাকিস্তান সরকার ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, এই হামলা তালেবানের সঙ্গে সরকারের আলোচনা-প্রক্রিয়া ভন্ডুল করার চেষ্টা।
এদিকে টিটিপি গতকাল শনিবার হুমকি দিয়ে বলেছে, একের পর এক আত্মঘাতী হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়া হবে। সংগঠনের মুখপাত্র আজম তারিক বলেন, ‘হাকিমুল্লাহর প্রতি ফোঁটা রক্ত একেকজন আত্মঘাতী বোমা হামলাকারীতে পরিণত হবে।’
নতুন নেতা নির্বাচন করতে পাকিস্তানি তালেবান শুরার সদস্যরা গতকাল গোপন স্থানে বৈঠক করেন। ৪৩ সদস্যবিশিষ্ট তালেবান শুরা সর্বসম্মতিক্রমে খান সাইদ সাজনাকে টিটিপির প্রধান হিসেবে নির্বাচিত করে। এর আগে হাকিমুল্লাহ মেহসুদের উত্তরসূরি হিসেবে খান সাইদ সাজনার পাশাপাশি ওমর খালিদ খুরাসানি, গালিব মেহসুদ ও মোল্লা ফজলুল্লাহর নাম শোনা যাচ্ছিল।
৩৬ বছর বয়সী খান সাইদ সাজনা করাচি নৌঘাঁটিতে হামলায় জড়িত বলে ধারণা করা হয়। এ ছাড়া গত বছর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর বান্নুর একটি কারাগার ভেঙে ৪০০ তালেবান বন্দী পালিয়ে যাওয়ার ঘটনার মূল হোতা তিনি। পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের কোনো এক স্থানে শনিবার ভোর রাতে গোপনে মেহসুদের মরদেহ দাফন করা হয়।
মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা ক্যাটলিন হেইডেন বলেছেন, ওই ড্রোন হামলায় মার্কিন সরকার জড়িত কি না এবং মেহসুদ নিহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি কিছু বলবেন না। তবে মেহসুদের নিহত হওয়ার খবরটি সত্যি হলে বিষয়টি টিটিপির জন্য বড় এক আঘাত।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেন, এই ড্রোন হামলার মাধ্যমে শান্তি আলোচনাকে ভন্ডুল করার চেষ্টা করা হয়েছে। ডন ও বিবিসি।
একনজরে টিটিপি
২০০৭
কট্টরপন্থী সংগঠন হিসেবে সক্রিয় হয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)
২০০৯
মার্কিন ড্রোন হামলায় টিটিপির প্রতিষ্ঠাতা বায়তুল্লাহ মেহসুদ নিহত
২০১৩
ড্রোন হামলায় নিহত হন টিটিপির প্রধান হাকিমুল্লাহ মেহসুদ তালেবান শুরার সর্বসম্মতিক্রমে টিটিপির নতুন প্রধান খান সাইদ সাজনা