ভারতে আটক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক সৈয়দ জাবিউদ্দিনের মুম্বাই হামলায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গতকাল শুক্রবার পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।চিদাম্বরম বলেন, জাবিউদ্দিনকে নিরাপদ আশ্রয় দেওয়ার বিষয়টি পাকিস্তানের স্বীকার করে নেওয়া উচিত। ভারত যেমন সত্য কথা স্বীকার করে, পাকিস্তানেরও একই রকম করা উচিত।তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, এ ব্যাপারে পাকিস্তানকে দোষারোপ করা থেকে বিরত হয়ে ভারতের উচিত বিস্তারিত তথ্য সরবরাহ করা এবং ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা।ভারতের অভিযোগ, ভারতে জন্মগ্রহণকারী সৈয়দ জাবিউদ্দিন পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার একজন সদস্য। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২১ জুন তাঁকে আটক করা হয়। ২০০৮ সালে করাচি থেকে তিনি মুম্বাই হামলায় সহযোগিতা করেন বলে সন্দেহ করা হচ্ছে। ভারতীয় পুলিশ জানায়, আবু হামজা ওরফে আবু জুন্দাল ওরফে জাবিউদ্দিন মুম্বাই হামলায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। হামলার সময় তিনি করাচি শহরে অবস্থিত ‘নিয়ন্ত্রণকক্ষে’ দায়িত্ব পালন করেন। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় ওই শহর থেকে মুম্বাই হামলা পরিচালনা ও তত্ত্বাবধান করা হয়।মুম্বাই শহরে ওই হামলার ঘটনায় ১৬৬ জন নিহত হয়েছিল। হামলাকারীদের মধ্যে বেঁচে যাওয়া মোহাম্মদ কাসাব মুম্বাইয়ের কারাগারে বন্দী রয়েছেন। বিচারে তাঁর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। এএফপি।