পাকিস্তানি প্যানেলের ভারত সফর পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি বাধ্যবাধকতার কারণে পাকিস্তানের একটি আইনজীবী প্যানেলের ভারত সফর পিছিয়েছে। ২০০৮ সালে মুম্বাই হামলায় চারজন ভারতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে ওই প্যানেলের চলতি মাসের মাঝামাঝি ভারত যাওয়ার কথা ছিল। ২ ফেব্রুয়ারি পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ভারতের সন্ত্রাসবাদবিরোধী আদালতে আবেদন করে। আবেদনে মুম্বাই হাইকোর্টে চলা বিচার-প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি চাওয়া হয়, যাতে সাত সন্দেহভাজন পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে ভারতের সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা যায়।ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে সে দেশের আইনজীবীদের একটি প্যানেল পাঠানোর আহ্বান জানায় ভারত। মুম্বাই হামলায় গ্রেপ্তার ও পরে ফাঁসির দণ্ড পাওয়া পাকিস্তানি নাগরিক আজমল কাসাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী আর ভি স্বায়ন্ত, মামলার প্রধান তদন্ত কর্মকর্তা রমেশ মহলে এবং নিহত জঙ্গিদের ময়নাতদন্তকারী চিকিৎসক গণেশ ধুনরাজ ও চিনতামন মোহিতের সাক্ষ্য রেকর্ড করবে এই প্যানেল। পরে তা খতিয়ে দেখবে।মুম্বাই হামলার সন্দেহভাজন প্রধান হোতা জাকিউর রেহমান লাখভির পক্ষের আইনজীবী খাওয়াজ হরিস গত শনিবার বলেন, ভারতের পাঠানো চিঠিতে অস্পষ্টতা আছে। ওই চার সাক্ষীর বক্তব্য পাকিস্তান পুনরায় পরীক্ষা করার সুযোগ পাবে কি না, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তিনি আরও বলেন, ‘গত বছরের মুম্বাই কমিশনের বিচার অবৈধ। কারণ, সাক্ষীদের বক্তব্য পরীক্ষা করে দেখার জন্য বিবাদীপক্ষের আইনজীবীদের কোনো সুযোগ দেওয়া হয়নি। এবারও যদি ভারতীয় কর্তৃপক্ষ ওই চার সাক্ষীর বক্তব্য পরীক্ষা করে দেখার আশ্বাস না দেয়, তাহলে আমরা এই প্রক্রিয়ায় যোগ দেব না।’ ডন।