পাকিস্তানি সংবাদপত্র নিষিদ্ধ করল আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি সব সংবাদপত্র নিষিদ্ধ করেছে আফগানিস্তান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে। এসব পত্রিকা তালেবান জঙ্গিদের পক্ষে প্রচারণা চালায় বলে অভিযোগ আনা হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি সংবাদপত্রগুলোকে ‘তালেবানের অপপ্রচারের উৎস’ হিসেবে উল্লেখ করে এবং পূর্বাঞ্চলে এসব পত্রিকার সব কপি বাজেয়াপ্ত করতে পুলিশকে নির্দেশ দেয়। কর্মকর্তারা বলেছেন, তাঁদের নানগারহার, কুনার ও নুরিস্তান প্রদেশে পাকিস্তানি সংবাদপত্র আটকের ক্ষমতা দেওয়া হয়েছে। মূলত তোর্কহাম সীমান্তপথে পাকিস্তানি সংবাদপত্র আফগানিস্তানে প্রবেশ করে। মন্ত্রণালয় সূত্র জানায়, আফগান সরকার মনে করে, পাকিস্তানি সংবাদপত্রগুলো সংবাদ প্রকাশে সত্যনির্ভর নয়। এসব পত্রিকা আফগান নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি করে।পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনা চলাকালে সর্বশেষ এ পদক্ষেপ নিল আফগানিস্তান। দেশটির সীমান্ত এলাকায় কুনার প্রদেশে বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়েছে। সীমান্ত এলাকায় সহিংসতা আফগানিস্তানে খুবই স্পর্শকাতর বিষয় বলে বিবেচিত। বিবিসি।