পাকিস্তানের সেনাবাহিনী এখনো বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদদ দিয়ে যাচ্ছে। এসব সংগঠনের জঙ্গিদের প্রতিবেশী দেশ ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে কাজে লাগাচ্ছে তারা। গতকাল সোমবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।নাম প্রকাশ না করে একজন সাবেক সেনা কমান্ডারের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সংগঠনকে পাকিস্তানি সেনাবাহিনী ১৫ বছর ধরে মদদ দিয়ে যাচ্ছে।সাবেক সেনা কমান্ডারের ভাষ্য, লস্কর-ই-তাইয়েবা, হরকাতুল মুজাহেদিন ও হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের পাকিস্তানি সেনারা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আসছে। ধর্মীয় নেতারা এসব সংগঠন পরিচালনা করে থাকে।কমান্ডার বলেন, পাকিস্তানের সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা ভারতের সঙ্গে বিতর্কিত কাশ্মীর ও আফগান সীমান্তসংলগ্ন এলাকায় জঙ্গি তৎপরতায় মদদ দেওয়ার নীতি বর্জন করেননি।এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেন ওই কমান্ডার। এর মধ্যে গোয়েন্দা সংস্থার একাধিক সাবেক প্রধান ও সাবেক জেনারেলরা রয়েছেন। এএফপি।