পাকিস্তানি হাইকমিশনারকে তলব করেছে নয়াদিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় দুই সেনা নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছে নয়াদিল্লি। হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করে একে ‘চরম উসকানিমূলক’ বলেও আখ্যা দিয়েছে ভারত। তবে ভারতের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাশাপাশি ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পুরো বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গত রোববার গুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়। এর এক দিন পর গত মঙ্গলবার গুলিতে ভারতীয় দুই সেনা নিহত হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় ভারত ও পাকিস্তান পরস্পরকে দোষারোপ করছে। এই সময়ে সীমান্তে দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।সীমান্তে গোলাগুলির ঘটনা পর্যবেক্ষণকারী ভারত সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ভারতের দুই সেনা হত্যার ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সালমান বশিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।ভারতীয় সেনা হত্যার ঘটনায় ক্ষুব্ধ ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, ‘আমরা পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর এই হত্যাকাণ্ড অমানবিক ও চরম উসকানিমূলক। আমরা পাকিস্তানের সরকারের কাছে এর কঠোর প্রতিবাদ করব।’ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য, ভয়ংকর ও জঘন্য। এটা পাকিস্তানের চরম অদূরদর্শিতার পরিচায়ক। ভারতের পক্ষ থেকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।’ ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র রাজেশ কে কালিয়া জানান, দুই সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভারতের রাজৌরিতে একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। রাজেশ কালিয়ার অভিযোগ, এক সেনাসদস্যের মস্তক কেটে নিয়ে গেছেন পাকিস্তানিরা।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের সব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মিলিটারি অবজারভার গ্রুপ ফর ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মাধ্যমে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি তদন্ত করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে।এদিকে গতকাল ইসলামাবাদে সিএনএন-আইবিএনকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের একাধিক বিবৃতিতে তিনি মর্মাহত। তিনি অভিযোগ করেন, ‘ভারতীয় সেনারা আমাদের এক সেনাসদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে। কিন্তু ইসলামাবাদ হত্যার বদলে হত্যার নীতি গ্রহণ করেনি।’ তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান। মুসলিম-অধ্যুষিত কাশ্মীরের মালিকানা ভারত ও পাকিস্তান উভয়ই দাবি করলেও দুটি দেশই এ অঞ্চল শাসন করছে। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর নিয়ে এ পর্যন্ত দুটি যুদ্ধে লিপ্ত হয়েছে চির বৈরী এই দুই দেশ। পরমাণু শক্তিধর দেশ দুটি ২০০৩ সাল থেকে অস্ত্রবিরতি চুক্তি মেনে চলছে। এএফপি, বিবিসি ও দ্য হিন্দু।