পাকিস্তানিদের জন্য ভারতে প্রস্তাবিত গ্রুপ ভিসা স্থগিত
পাকিস্তানের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভারতে আসার পর ভিসা দেওয়ার ব্যবস্থা বাতিলের পর এবার গ্রুপ ভিসা দেওয়ার প্রস্তাব স্থগিত করতে যাচ্ছে নয়াদিল্লি। জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) গত ১৫ জানুয়ারি দুই ভারতীয় সেনাকে হত্যা করা হয়। ওই দিনই ভারতে আসার পর ভিসা দেওয়ার বিধান বাতিল ঘোষণা দেয় নয়াদিল্লি। এর পর দুই দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার ওপর কড়াকড়ি আরোপের বিষয়টি শিথিল করার ব্যাপারে মতৈক্যে পৌঁছায় নয়াদিল্লি ও ইসলামাবাদ। ১৫ মার্চের মধ্যে তা কার্যকরের কথা ছিল। কিন্তু নয়াদিল্লি বলছে, সম্ভবত এ ধরনের ভিসা দেওয়া আপাতত বন্ধ থাকবে। নয়াদিল্লির একজন কর্মকর্তা জানান, গ্রুপ ভিসা ১৫ মার্চ থেকে কার্যকরের কথা থাকলেও এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। উচ্চমহলে আলোচনা চলছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বুধবার বলেছেন, এলওসিতে সেনা হত্যার ঘটনা প্রতিবেশী দুই দেশের মধ্যে কালো ছায়া ফেলেছে। পিটিআই।