পাকিস্তানে অপুষ্টির শিকার হাজার হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্যাদূর্গত এলাকায় হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। এসব শিশুর জন্য দ্রুত কিছু না করতে পারলে তারা মৃত্যুর দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এদিকে মার্কিন সেনাবাহিনী প্রধান অ্যাডমিরাল মাইক মুলেন বলেছেন, তালেবান জঙ্গিরা পাকিস্তানে বিদেশী সাহায্য কর্মীদের হত্যার যে হুমকি দিয়েছে সেটাকে তারা বেশ গুরুত্বে সঙ্গে নিয়েছেন। জঙ্গিরা যে কোন সময় যে কোন কাজ করে ফেলতে পারে।পাকিস্তানে বগত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এক হাজার লোকের প্রাণহানি ছাড়াও অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে । রোগব্যাধি ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দূর্গত এলাকার শিশুরা। জাতিসংঘের ত্রাণ দলের সমন্বয়ক মার্টিন মগওয়াঞ্জা বলেছেন, পাকিস্তানের বন্যাদূর্গত এলাকায় প্রায় ৭২ হাজার শিশু মারাত্মক অপুষ্টির শিকার। এখনই এসব শিশুর জন্য কিছু করা না হলে তারা মারা যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই দূর্যোগ মোকাবেলায় আরও ব্যাপকভাবে সাড়া দেয়ার আহবান জানান তিনি।জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা জানিয়েছে, বন্যায় পাকিস্তানে ৩২ লাখ হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে। এটি দেশটির মোট আবাদি জমির ১৪ শতাংশ। নষ্ট হওয়া ফসলের আনুমানিক মূল্য ২৮৬ কোটি ডলার।এদিকে মার্কিন সেনাবাহিনী প্রধান এডমিরাল মাইক মুলেন গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তালেবান জঙ্গিরা পাকিস্তানের বন্যাদূর্গত এলাকায় ত্রাণ কাজে নিয়োজিত বিদেশী সাহায্য কর্মীদের হত্যার যে হুমকি দিয়েছে সেটাকে তারা বেশ গুরত্বের সঙ্গে নিচ্ছেন। তবে তিনি এও বলেন, জঙ্গিরা ত্রাণ কর্মীদের ওপর হামলা চালিয়েছে এমন প্রমাণ তিনি এখনও পাননি। পাকিস্তানের দূর্গত এলাকায় যারা কাজ করছে তাদের সবাইকে নিরাপত্তা দেয়ার কথা জানান মুলেন।সিন্ধু প্রদেশে ফের আকস্মিক বন্যার আশঙ্কায় বিভিন্ন এলাকা থেকে গতকাল শনিবার হাজার হাজার লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।সিন্ধুতে শহর রক্ষা বাঁধে ভাঙন: বন্যার পানির তোড়ে গতকাল শনিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে থাট্টায় শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় প্রায় দুই লাখ লোক শহর ও এর আশপাশ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। ফলে থাট্টা শহরটি এখন প্রায় জনশূন্য। আর হাজার হাজার লোক ঘরের বাইরে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অথবা উঁচু স্থানের দিকে ছুটে যাচ্ছে।থাট্টা শহরে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হাদি বকশ কালহোরো জানান, বন্যায় প্রধান শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় সেখানে বসবাসরত এক লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তারা প্রধান সড়ক, উঁচু এলাকা কিংবা পাশের শহরে আশ্রয় নিয়েছে। অধিকাংশ লোক খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। এএফপি, রয়টার্স ও ডন।