আফগানিস্তানের মার্কিন শীর্ষ সামরিক কমান্ডাররা পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সীমান্ত এলাকায় স্থল অভিযান জোরদারের পরিকল্পনা করছেন। গত সোমবার নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা গতকাল মঙ্গলবার ওই প্রতিবেদন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় জঙ্গিরা শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। এসব ঘাঁটি থেকে জঙ্গিদের উৎখাতে পাকিস্তানের চেষ্টা ততটা জোরালো নয়। এ কারণে যুক্তরাষ্ট্র এই বিষয়ে হতাশ হয়ে পড়েছে। তাই মার্কিন শীর্ষ সেনা কর্মকর্তারা পাকিস্তানের এসব এলাকায় স্থল হামলা জোরদারের এ পরিকল্পনা করছেন।মার্কিন সামরিক কমান্ডারদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, এই বিশেষ অভিযানের পরিকল্পনা আফগান সীমান্ত এলাকায় জঙ্গিদের ধরতে গোয়েন্দাদের সহায়তা করবে। তবে এ পরিকল্পনা এখনো অনুমোদন করা হয়নি।এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হোসেন হাক্কানি বলেন, ‘নিজ দেশের জঙ্গিদের দমনে পাকিস্তানের সামর্থ্য আছে। আমাদের সার্বভৌমত্ব আমরাই রক্ষা করব। সেখানে কোনো বিদেশি সেনাকে অভিযান চালানোর সুযোগ দেওয়া হবে না।’নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, সীমান্তের ওপারে অভিযানের বিষয়টি তিনিও সমর্থন করেন না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক প্রতিক্রিয়া যেকোনো কৌশলগত অর্জন ব্যাহত করতে পারে।আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) যোগাযোগবিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল গ্রেগরি স্মিথ কাবুল থেকে এক বিবৃতিতে বলেন, মার্কিন বাহিনী পাকিস্তানে স্থল হামলা জোরদারের পরিকল্পনা করছে—নিউইয়র্ক টাইমস-এর এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন। এ খবর সত্য নয়।তিনি আরও বলেন, মার্কিন সেনা ও ন্যাটো নেতৃত্বাধীন তাদের মিত্র এবং আফগান সেনারা জঙ্গি দমনের লক্ষ্যে পাকিস্তানি সেনাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। আফগানিস্তান ও পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়েই পারস্পরিক সহায়তার ভিত্তিতে জঙ্গি দমন অভিযান চলছে।পাকিস্তানের বিপুলসংখ্যক মানুষ মার্কিনবিরোধী মনোভাব পোষণ করে। তারা ক্ষুব্ধ হতে পারে—এই আশঙ্কায় মার্কিন বাহিনী দেশটিতে গোপন অভিযান ও চালকবিহীন বিমান হামলার মধ্যে সামরিক তৎপরতা সীমিত রেখেছে। এএফপি।