পাকিস্তানে আটক মার্কিন নাগরিকদের নির্যাতনের অভিযোগ
পাকিস্তানে আটক যুক্তরাষ্ট্রের পাঁচ তরুণ মুসলিম নাগরিক অভিযোগ করেছেন, কারাগারে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তবে পুলিশ ও কারা কর্তৃপক্ষ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বন্দীরা এ ব্যাপারে আদালতে কোনো অভিযোগ উত্থাপন করেননি। খবর এএফপি ও এপির।আল-কায়েদা জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টার অভিযোগে গত ডিসেম্বরে সারগোদা থেকে ওই পাঁচজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। পুলিশের কর্মকর্তারা অভিযোগ করেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ওই পাঁচজন তরুণ আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁদের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও এনেছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পুলিশের কর্মকর্তা সূত্রমতে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল ওই পাঁচ তরুণকে সারাগোদার আদালতে হাজির করা হয়। আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র ও বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ জমা দেওয়া হয়। শুনানি শেষে আদালত আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের আটকাদেশের মেয়াদ বাড়ান। এরপর ওই পাঁচ তরুণকে কারাগারে নেওয়ার জন্য পুলিশের গাড়িতে ওঠানো হয়। আলাদত প্রাঙ্গণ ত্যাগ করার সময় তাঁরা সাংবাদিকদের উদ্দেশে চিত্কার করে বলেন, ‘আমাদের ওপর নির্যাতন করা হয়েছে, আমাদের ওপর নির্যাতন করা হয়েছে।’সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে মামলার সঙ্গে যুক্ত স্থানীয় পুলিশ কর্মকর্তা আমির আব্বাস বলেন, ‘নির্যাতনের ব্যাপারে পাঁচ তরুণের কেউ আদালতে কিছু বলেননি। আমি যতদূর জানি, তাঁদের একজনের পেটে সমস্যা হয়েছে।’সারগোদা কারাগারে উপতত্ত্বাবধায়ক আফতাব হানিফও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, অন্য বন্দীদের চেয়ে তাঁদের উন্নতমানের খাবার দেওয়া হয়।এ ব্যাপারে পাকিস্তানে মার্কিন দূতাবাসের মুখপাত্র তাত্ক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে ৪ জানুয়ারি সর্বশেষ শুনানিতে গ্রেপ্তার হওয়া তরুণেরা আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেন। তাঁরা জানান, তাঁরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মুসলিম নাগরিকদের সহায়তা করার জন্য সেখানে যাচ্ছিলেন।