পাকিস্তানে আততায়ীদের গুলিতে প্রার্থী নিহত
পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থী গতকাল মঙ্গলবার আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় প্রাদেশিক পরিষদের একটি আসন থেকে তিনি দাঁড়িয়েছিলেন।সরকারি কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, নিহত ওই প্রার্থী হলেন আবদুল ফাতাহ মাগসি। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ঝাল মাগসি এলাকায় গতকাল তাঁকে গুলি করে হত্যা করা হয়।সাঈদ আহমেদ আরও বলেন, বন্দুকধারীদের হামলার সময় ওই প্রার্থীর সমর্থকেরা তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালান। এতে দুই হামলাকারী নিহত হয়। রাজনৈতিক প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।সাঈদ বলেন, আবদুল ফাতাহ যে আসন থেকে দাঁড়িয়েছিলেন, সে আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। কোনো প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করা বাধ্যতামূলক। ১১ মে দেশটিতে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এপি।