পাকিস্তানে আতশবাজির দোকানে বিস্ফোরণ নিহত ৬
পাকিস্তানের মুলতানের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে নারী, শিশুসহ অন্তত আরও ১০ জন। গতকাল শনিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুলতানের হুসেইন আগাহি চকবাজারের ঘনবসতি এলাকায় অবস্থিত ওই দোকানটিতে গতকাল সকালে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়ে। আগুন মুহূর্তেই আশপাশের ঘরবাড়ি ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের মুলতানের নিশতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিস্ফোরকদ্রব্য রাখার অভিযোগে ওই দোকানটির মালিকের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডন ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল।