পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তের কাছাকাছি উপজাতি অধ্যুষিত বাজাউর জেলার খার শহরে গতকাল শুক্রবার এ বিস্ফোরণ হয়।জেলা প্রশাসনের কর্মকর্তা মুস্তাফা কামাল জানান, স্থানীয় একটি বাজারে ওই হামলায় কয়েকটি দোকান ও একটি রেস্তোরাঁ বিধ্বস্ত হয়েছে। পুলিশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় পুলিশের শীর্ষ দুই কর্মকর্তা। একটি চেকপোস্টে দায়িত্ব পালনকালে তাঁদের দিকে ছুটে গিয়েছিল আত্মঘাতী হামলাকারী। তাৎক্ষণিকভাবে কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। খার শহরের প্রধান হাসপাতালের চিকিৎসক হাবিব খান বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।গোয়েন্দা কর্মকর্তারা জানান, আত্মঘাতী হামলাকারী ছিল ১৪-১৫ বছর বয়সী একজন কিশোর। বুকে বোমা বেঁধে সে ওই হামলা চালায়।বাজাউর জেলায় গত দুই দিনে এ নিয়ে তৃতীয়বার বোমা হামলা হলো। সেখানে দুটি বিস্ফোরণের ঘটনায় গত বৃহস্পতিবার পাঁচজন নিহত হয়। পুলিশ জানায়, গতকালের হামলার পর ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।পাকিস্তানে গত মার্চের পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। উপজাতি-অধ্যুষিত খাইবার জেলার একটি মসজিদে মার্চের ওই হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ওই এলাকায় প্রায়ই সশস্ত্র লড়াই হয়। এএফপি।