রক্ষীর গুলিতে খুন আফগান কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আফগান এক কূটনীতিককে গুলি করে হত্যা করেছেন তাঁর ব্যক্তিগত রক্ষী। পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। খবরে জানানো হয়, আজ সোমবার আফগান কনস্যুলেটে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা সাকিব ইসমাইল বলেন, ব্যক্তিগত রক্ষী কনস্যুলেটের তৃতীয় সচিবকে গুলি করেন। এই রক্ষীও আফগান। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসমাইল বলেন, ওই রক্ষী তাঁর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে কয়েকবার গুলি ছোড়েন।

পুলিশের উপমহাপরিদর্শক আজাদ খান বলেন, সম্ভবত ব্যক্তিগত কোনো বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।

পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ওমর জাখিলওয়াল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে গুলিবিদ্ধ হয়ে ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে আফগান কনস্যুলেটে গুলির ঘটনা ঘটে...একজন আফগান রক্ষী এ গুলি করেন। এতে আমাদের এক কূটনীতিক মারা যান।’ তিনি আরও লিখেন, ‘ব্যক্তিগত বিরোধ থেকে এ অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে হচ্ছে।’