পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে গতকাল বুধবার এক জানাজায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত ও আরও ৪৫ জন আহত হয়েছে। একজন কিশোর হামলাকারী শরীরে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এতে নিহতের সংখ্যা বাড়তে পারে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পেশোয়ার শহরের কাছে আদেজাই গ্রামে তালেবানবিরোধী এক মিলিশিয়ার জানাজায় এই হামলা চালানো হয়। জানাজায় তালেবানবিরোধী প্রায় ২০০ জন মিলিশিয়া অংশ নেন। তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।হামলার পর ঘটনাস্থলের যে দৃশ্য টিভিতে প্রচার করা হয়, এতে রক্তমাখা পোশাকে আতঙ্কিত লোকজনকে ছোটাছুটি করতে দেখা যায়। ঘটনাস্থলে অনেক টুপি ও জুতা ছড়িয়ে-ছিটিয়ে ছিল।পেশোয়ারের প্রধান হাসপাতালের প্রধান কর্মকর্তা আবদুল হামিদ আফ্রিদি বলেন, এই আত্মঘাতী হামলার ঘটনায় ৩৭ জন নিহত ও ৪৫ জন আহত হয়। হামলা থেকে রক্ষা পাওয়া মোহাম্মদ ঈমান নামে একজন প্রত্যক্ষদর্শী জিও টেলিভিশনকে জানান, জানাজা শুরু হওয়ার আগমুহূর্তে এক কিশোর তাঁদের দিকে দৌড়ে আসে এবং শরীরে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। তালেবানের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, তাঁরাই এ হামলা চালিয়েছেন।ফয়সালাবাদে একটি গ্যাস স্টেশনে তালেবানের বোমা হামলায় ২৫ জন নিহত ও ১২৫ জন আহত হওয়ার এক দিনের মাথায় গতকালের ওই হামলা চালানো হলো। এর আগে গত শুক্রবার পেশোয়ারের কাছে নওশেরা এলাকায় মসজিদে বোমা হামলায় ১১ জন নিহত হয়। ২০০৭ সালে ইসলামাবাদের মসজিদে জঙ্গি হামলার পর পাকিস্তান সরকার জঙ্গিবিরোধী অভিযান শুরু করে। এর পর থেকে সে দেশে এ পর্যন্ত আত্মঘাতী ও বোমা হামলায় চার হাজারের বেশি লোক নিহত হয়েছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।